Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩
banner

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০৩:৪৮ পিএম
‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ
‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নাটক মানেই নতুন কিছু। প্রেম ভালোবাসার পাশাপাশি বরাবরই পরিবারের গল্প তুলে ধরেন তিনি। এরমধ্যে তার নির্মিত 'ঝরা বকুল' নাটকটি দর্শকের মনে দাগ কেটেছে। বিশেষ করে এই নাটকের সুনেরাহ বিনতে কামাল অভিনীত মনিরা চরিত্রটি বেশ প্রশংসা পাচ্ছে।

গল্পে দেখা গেছে, মনিরা একটি গরীব পরিবারের বড় মেয়ে। সবার দায়িত্ব নিতে গিয়ে নিজের বিয়েও করা হয়ে ওঠেনি তার। এমনকি মনিরা অন্য পরিবারে চলে গেলে কে সংসার দেখবে এই ভয়ে তার মা নিজেও তাকে বিয়ের জন্য বলে না। কিন্তু কবির (ইয়াশ রোহান) মনিরাকে চায়। এভাবেই গল্প এগিয়ে যায়।

নাটকটির কমেন্টবক্সে একজন লেখেন, 'জানিনা মানুষ সুনেরাহকে নিয়ে এত খারাপ মন্তব্য কেনো করে। ওর কণ্ঠ, ওর চেহারা সবই অন্য রকম। আর কেন জানি সব ধরনের অভিনয়ে মানিয়ে যায়। বড় লোকের মেয়ে, গরীবের বাড়ির মেয়ে, অহংকারী নিরহংকারী, সব চরিত্রে। '

রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে 'ঝরা বকুল' নাটকটি দেখা যাচ্ছে। এটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। নাটকটি প্রসঙ্গে তিনি বলেন, 'রম্য, রোমান্টিক, অতি আর্ট দেখতে দেখতে দর্শক হয়রান। এসবে গল্প আর বাস্তবতার অভাব থাকে। হাপিয়ে উঠা দর্শক এখন একটা পরিবারের সুখ দুঃখ স্ট্রাগল ও সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাস্তবতা খুঁজে পান।'

নির্মাতা রিংকু বলেন, 'আমি সব সময় পারিবারিক গল্পকে প্রধান্য দিয়ে আসছি। এই নাটকেও দর্শক সেটি দেখছেন। মানুষ নাটকে যখন নিজেদের খুঁজে পান তখন সেটি সহজে গ্রহণ করেন। এই কারণে হয়তো ঝরা বকুল সবার ভালো লাগছে।'

এই নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন গুনী অভিনেত্রী ডলি জহুর, রোজী সিদ্দিকী ও গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকে।

Banner
Side banner
Side banner