Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
banner

ভারতে ফিরছে আইপিএলের নিলাম


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৬, ০৫:১৩ পিএম
ভারতে ফিরছে আইপিএলের নিলাম
ভারতে ফিরছে আইপিএলের নিলাম

টানা তিন বছর ভারতের বাইরে অনুষ্ঠিত হওয়ার পর আবারও ঘরের মাঠে ফিরছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলাম। ২০২৭ সালের আসরের মিনি-নিলাম ভারতে আয়োজনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মঙ্গলবার অনুষ্ঠিত আইপিএল গভর্নিং কাউন্সিলের বহুল আলোচিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সর্বশেষ ২০২৩ সালে কোচিতে ভারতের মাটিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪, ২০২৫ ও ২০২৬ আসরের নিলাম দেশের বাইরে আয়োজন করা হয়। ওই তিন বছরের নিলামের ভেন্যু ছিল যথাক্রমে দুবাই, জেদ্দা ও আবুধাবি। টানা তিন বছর বিদেশের মাটিতে নিলাম আয়োজনের পর এবার ফের ভারতে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

বিদেশে মিনি-নিলামের আয়োজন বিশাল প্রতিনিধিদল নিয়ে যাতায়াত, থাকা-খাওয়া ও অতিরিক্ত ব্যবস্থাপনার কারণে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বেশ ঝক্কির কারণ হয়ে দাঁড়াচ্ছিল। ফ্র্যাঞ্চাইজিগুলোর এই আপত্তির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে বিসিসিআই ভারতে নিলাম ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে। 

তবে কবে এবং কোথায় এই নিলাম বসবে, তা নিয়ে এখনো কিছুটা সংশয় রয়ে গেছে। ভারতে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের মৌসুম চলায় পাঁচতারা হোটেলে পর্যাপ্ত রুম পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হচ্ছে বোর্ডকে।

সংবাদমাধ্যম ক্রিকবাজ জানিয়েছে, সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি সময়ে হতে পারে এই মিনি-নিলাম। তবে পরবর্তী ২০২৮ সালের মেগা-নিলামটি আবারও ভারতের বাইরে নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিসিসিআই-এর।

অন্যদিকে, আইপিএলের আলোচিত ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ নিয়মটি আগামী আসরে থাকবে কি না, তা নিয়ে মঙ্গলবারের বৈঠকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। এ বিষয়ে চূড়ান্ত ফয়সালা নিতে আগামী মাসে গভর্নিং কাউন্সিলের আরেকটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হবে। 

Banner
Side banner
Side banner