Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ২৯ জুন, ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
banner

অভিনেত্রী সোনাক্ষী সিনহা।


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: জুন ২৮, ২০২৬, ০৩:২০ পিএম
অভিনেত্রী সোনাক্ষী সিনহা।

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। ক্যারিয়ারের শুরুতে বাণিজ্যিক সিনেমায় খুব একটা দেখা যায়নি তাকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে নিজের অভিনয়ের ধরন ও কাজের পছন্দে বড় পরিবর্তন এনেছেন, পেয়েছেন জনপ্রিয়তাও।

এখন আর কাজের সংখ্যা নয়, বরং চরিত্রের গভীরতা ও নিজের তৃপ্তিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন এ অভিনেত্রী। এমনকি পছন্দের কাজ না পেলেও নিজের জীবন নিয়ে তিনি বেশ সুখী বলে জানিয়েছেন।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী বলেন, ‘আমি এখন এমন একটি জায়গায় আছি, যেখানে শুধু নিজের জন্যই কাজ করি। যে কাজ আমাকে আনন্দ দেয়, সেটাই করি। এর বাইরে আমার জীবনও পরিপূর্ণ। যদি আমার পছন্দের কাজ না-ও আসে, তাতেও আমি আমার নিজের ছোট্ট দুনিয়াতেই খুব সুখে আছি।

অভিনেত্রীর ভাষ্য, এই পরিবর্তন একদিনে আসেনি। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে অন্যকে খুশি করার জন্য কিংবা নানা কারণে এমন কিছু ছবিতেও কাজ করেছেন, যেগুলো হয়তো একান্ত নিজের পছন্দের ছিল না। তবে এখন তিনি সচেতনভাবেই এমন চরিত্র বেছে নিচ্ছেন, যা একজন অভিনয়শিল্পী হিসেবে তাকে আনন্দ ও তৃপ্তি দেয়।

তিনি বলেন, ‘এটা শতভাগ সচেতন সিদ্ধান্ত। প্রতিটি নতুন কাজের সঙ্গে আমি আরও বেশি সন্তুষ্ট হচ্ছি। ক্যারিয়ারে অনেক ধরনের কাজ করেছি। কোনো কিছু নিয়েই আমার আফসোস নেই। কিন্তু এখন আমি শুধু সেই কাজই করতে চাই, যা আমাকে সত্যিকারের আনন্দ দেয়।’

সাম্প্রতিক সময়ে ‘দাহাড়’-এ একজন পুলিশ কর্মকর্তা, ‘হীরামান্ডি’-তে এক তবায়েফ এবং সম্প্রতি অশ্বিনী আইয়ার তিওয়ারির ‘সিস্টেম’-এ একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন সোনাক্ষী।

নতুন কাজ ‘সিস্টেম’ নিয়েও দারুণ উচ্ছ্বসিত তিনি। সোনাক্ষীর ভাষায়, “আমরা এমন একটি কাজ করেছি, যা নিয়ে গর্ব করা যায়। অশ্বিনী, জ্যোতিকা ও আশুতোষ গোয়ারিকরের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ ছিল।”

ছবিটির প্রচারণার সময় পরিচালক অশ্বিনী আইয়ার তিওয়ারি সোনাক্ষীকে ভারতের ‘মেরিল স্ট্রিপ’ ও ‘কেট উইন্সলেট’ বলে প্রশংসা করেছিলেন। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘আমি তাকে ফোন করে বলেছিলাম, তুমি তো আমার ওপর অনেক চাপ বাড়িয়ে দিলে! তবে এমন দুই অসাধারণ অভিনেত্রীর সঙ্গে তুলনা করা হলে সত্যিই ভালো লাগে।’

অভিনয়ের পাশাপাশি নিজের ফ্যাশন পছন্দেও এসেছে পরিবর্তন। গ্রীষ্মের তীব্র গরমে এখন তিনি সুতির ও ঢিলেঢালা পোশাকের পাশাপাশি হালকা রঙের পোশাকই বেশি পরেন। একসময় কালো রঙের পোশাক তার সবচেয়ে প্রিয় ছিল, তবে এখন সেই জায়গা দখল করেছে সাদা, নীল ও হালকা রঙের পোশাক।

Banner
Side banner
Side banner