Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
banner

বিবাহবিচ্ছেদের পর একাই থাকতেন, বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬, ০৩:২৪ পিএম
বিবাহবিচ্ছেদের পর একাই থাকতেন, বাড়ির দরজার সামনে পড়ে ছিল প্রবাসীর মরদেহ
প্রবাসী রফিকুল ইসলাম তালুকদার।

দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বাম চোখে আঘাতের চিহ্ন এবং গলায় ফাঁস দিয়ে হত্যার আলামত পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে হত্যার কারণ ও জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় নিজ বাড়ির দরজার সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার সাইফুদ্দিন তালুকদারের ছেলে।

নিহতের বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার জানান, দীর্ঘ নয় বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন রফিকুল। ছয় মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়। তাদের দুই মেয়ে রয়েছে। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে তার সাবেক স্ত্রী বাবার বাড়িতে চলে যান।

এরপর থেকে রফিকুল নিজ বাড়িতে একাই বসবাস করতেন। তবে নিয়মিত বড় ভাইয়ের বাড়িতে খাওয়াদাওয়া করতেন তিনি। সাইদুল ইসলাম জানান, ঘটনার দিন রাতে খাবার খেতে না আসায় রফিকুলকে কয়েকবার ফোন করা হয়। কিন্তু তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি।

আশপাশে ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। ফিরে আসার সময় বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখেন। এরপর তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন।

ঘোড়াঘাট-হাকিমপুর থানার দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ থানার সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন জানান, কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner