Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩
banner

বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে


FavIcon
অর্থনীতি প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬, ০৮:০৩ পিএম
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে
বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

ডলারের দরপতন এবং আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যাওয়ার প্রভাবে বিশ্ববাজারে স্বর্ণের দামে উল্লেখযোগ্য ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। টানা তিন কার্যদিবস ধরে দাম বাড়তে বাড়তে স্বর্ণের আন্তর্জাতিক মূল্য এক মাসের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বুধবার (৫ আগস্ট) লেনদেন চলাকালে আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৭৫ দশমিক ৫৩ ডলারে ওঠে। এটি গত ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ দাম। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ২৩৫ দশমিক ৩০ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী সুদের হার-সংক্রান্ত সিদ্ধান্তের আগে বিনিয়োগকারীরা দেশটির কর্মসংস্থান প্রতিবেদনের দিকে নজর রাখছেন। এর পাশাপাশি মার্কিন ডলারের দুর্বল অবস্থান এবং অপরিশোধিত তেলের মূল্যহ্রাস মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ কিছুটা কমিয়ে দেওয়ায় স্বর্ণের বাজারে ক্রয়চাপ বেড়েছে।   

ওএএনডিএর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওয়াং বলেন, বিশ্ব অর্থনীতি ও মূল্যস্ফীতির ওপর জ্বালানি তেলের বাজারের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে। ফলে তেলের দামের ওঠানামা এবং বৈশ্বিক ভূরাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন স্বর্ণের দামে সরাসরি প্রভাব ফেলছে।

শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে স্পট সিলভারের (রুপা) দাম ৩ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬১ দশমিক ৭৬ ডলারে পৌঁছেছে। এছাড়া প্লাটিনামের দাম ২ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৭৭৯ দশমিক ২৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম একই হারে বেড়ে ১ হাজার ৩৮৯ দশমিক ১৫ ডলারে উঠেছে। প্যালাডিয়ামের এ মূল্যও গত দুই মাসের মধ্যে সর্বোচ্চ।

 

Banner
Side banner
Side banner