Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
banner

বিয়ের পর ‘পেশেন্ট জিরো’ নিয়ে আসছেন টেলর সুইফট


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০২:৫৯ পিএম
বিয়ের পর ‘পেশেন্ট জিরো’ নিয়ে আসছেন টেলর সুইফট
পপ তারকা টেলর সুইফট।

বিয়ের পর নতুন গান নিয়ে হাজির হচ্ছেন মার্কিন পপ তারকা টেলর সুইফট। আগামী ২৫ সেপ্টেম্বর তার নতুন একক গান ‘প্যাশিয়েন্ট জিরো’ মুক্তি পাবে। এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডসে মঞ্চে ওঠার মাত্র দুই দিন আগে গানটি প্রকাশ করবেন এই তারকা। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ইনস্টাগ্রামে এক পোস্টের মাধ্যমে নতুন গানের ঘোষণা দেন টেলর সুইফট। নতুন একটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, গানটি নিয়ে ঘোষণাটি দেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন।

ব্যক্তিগত ও পেশাগত জীবনে গুরুত্বপূর্ণ এক সময়েই নতুন গানটির ঘোষণা দিলেন টেলর। গত ৩ জুলাই নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এনএফএল তারকা ট্রাভিস কেলসিকে বিয়ে করেন তিনি। প্রায় এক হাজার অতিথির উপস্থিতিতে অনুষ্ঠিত ওই বিয়েতে ছিল তাদের নিজেদের লেখা শপথ এবং অভিনেতা অ্যাডাম স্যান্ডলারের পরিচালনায় বিয়ের আনুষ্ঠানিকতা।

টেলর সুইফটের ওয়েবসাইটে এরই মধ্যে গানটির প্রি-অর্ডারের সুযোগ দেওয়া হয়েছে। মূল সংস্করণের পাশাপাশি গানটির অ্যাকুস্টিক ও পিয়ানো সংস্করণও পাওয়া যাবে। পিয়ানো সংস্করণের প্রচ্ছদে টেলরকে তার বাগদানের আংটি প্রদর্শন করতে দেখা যায়।

টেলরের সর্বশেষ অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশিত হয় ২০২৫ সালের অক্টোবরে। অ্যালবামটি বিলবোর্ড ২০০-এর শীর্ষে ১২ সপ্তাহ অবস্থান করে। এতে ‘দ্য ফেট অব ওপেলিয়া’ ও ‘ওপালাইট’-এর মতো শীর্ষস্থানীয় গান ছিল। এ বছর ‘টয় স্টোরি ৫’ সিনেমার সাউন্ডট্র্যাকের জন্য ‘আই নিউ ইট আই নিউ ইউ’ গানটিও প্রকাশ করেন তিনি।

এদিকে ২৫ সেপ্টেম্বর গানটি প্রকাশের মাত্র দুই দিন পর এমটিভি ভিএমএ-তে টেলরকে প্রথমবারের মতো দেওয়া ‘আর্টিস্ট ডিরেক্টরস অনার্স’ সম্মানে ভূষিত করা হবে। একই অনুষ্ঠানে নয়টি পুরস্কারের জন্য মনোনয়নও পেয়েছেন তিনি। 

Banner
Side banner
Side banner