জামালপুরের মাদারগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ শিরিনা (৪০) নামে এক নারীকে আটক করা হয়েছে। বুধবার(২৩ সেপ্টেম্বর) দুপুর ১ টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও এর ভ্রাম্যমান আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।দণ্ডপ্রাপ্ত শিরিনা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী পশ্চিমপাড়া এলাকার মুকুল শেখের স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এর নেতৃত্বে একটি দল শিরিনার বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় তার ঘর থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তাকে আটক করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বিদ্যুৎ বিহারী নাথ এ প্রতিবেদক মাসুদুর রহমানকে বলেন, মাদকের বিরুদ্ধে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কঠোর অবস্থানে রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক কারবার ও সেবনের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি








































আপনার মতামত লিখুন :