Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ০৮ মে, ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩
banner
সংগ্রহীত

স্যার লিখেছেন,পড়লে কিছুটা হলেও হয়তো সচেতন হবেন


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২২, ০৬:২৭ পিএম
স্যার লিখেছেন,পড়লে কিছুটা হলেও হয়তো সচেতন হবেন
স্যার লিখেছেন,পড়লে কিছুটা হলেও হয়তো সচেতন হবেন

বারবার লিখেছি এ নিয়ে, কাজ হয়নাই। তাও আবার লিখি, কিছু মানুষ যদি সতর্ক হয়।

যখনই দেখবেন অবিশ্বাস্য কোনো সুযোগ, অকল্পনীয় কোনো লাভ কিংবা অভূতপূর্ব কোনো সৌভাগ্য আপনার সামনে কেউ নিয়ে আসছে- ধরে নেবেন ওটা ভূয়া।

পৃথিবীতে সবচাইতে কার্যকরী ঠকানোর পদ্ধতি হচ্ছে কথা দিয়ে পটিয়ে লোক ঠকানোর পদ্ধতি।এদের কিছু বৈশিষ্ট্য থাকে।

এক) প্রত্যেকেই প্রচন্ড স্মার্ট, কথাবার্তায় দারুণ চৌকশ, পোশাক আষাকে কেতাদূরস্ত, ঝকঝকে জুতো, দামী ঘড়ি, ঝাঁ চকচকে গাড়ি/অফিস।

দুই) খুব অল্প সময়ের মধ্যেই আপনার একেবারে প্রাণের আত্মীয়ের মত আচরণ করবে। ঢাকায় নতুন এসেছেন? "ভাই আমি থাকতে আপনি হোটেলে উঠবেন কেন?"- অথচ পরিচয় হয়েছে ছয় ঘন্টা হয়নাই।

তিন) কোটি টাকার নিচে কিংবা মন্ত্রী এমপির নিচে কথাই বলবেনা। যেমন, আপনি পুলিশ শুনলে বলবে- "ও, বেনজীর ভাই(সাবেক আইজিপি)? উনি তো আমার স্ত্রীর আপন খালাতো ভাই, প্রতি সপ্তাহে আমার বাসায় ডিনার করেন।আপনার কি লাগবে খালি বলবেন!"।অথচ পুরাটাই ধাপ্পা।

চার) আপনাকে অবিশ্বাস্য সব অফার দেবে। যেমন: ত্রিশ লাখ টাকার গাড়ি পাঁচ লাখে, গুলশানের ফিনিশড বাড়ি দশ লাখে(আসলে কোটি টাকা দিয়েও পাবেন না), আপনার বিশ লাখ টাকা তিন মাসের মধ্যে এক কোটি বানানো, অথবা আপনাকে বড় চাকুরি দিবে মাসে মাসে দুই লাখ টাকা বেতন (কিন্তু শুরুতে আপনাকে কিছু খরচ করতে হবে), সস্তায় একশ কোটি টাকা লোন তিন দিনের মধ্যে, আপনার যদি আলুর দোষ থাকে সেক্ষেত্রে নোরা ফাতেহীর সাথে "ডিনার" দুই লাখে- ইত্যাদি বিচিত্র সব অফার আপনি পাবেন।

পাঁচ) এইটা হচ্ছে বড়শির মাথা। অফার দেবার পর বলবে, খবরদার আপনি আমি ছাড়া কেউ যেন না জানে, জানলেই কিন্তু সবাই চলে আসবে তখন আর পারা যাবেনা। ভুলেও ভাবীকে জানাবেন না, বন্ধুবান্ধবকে তো আরো না। কাজ হয়ে গেলে একবারে মধুর সারপ্রাইজ দেবেন(আসল সারপ্রাইজ পাবেন আপনি, টাকা নিয়ে সাথে সাথে কেটে পড়বে!)

এ থেকে বাঁচার উপায়?

ক) লোভ সামলান। লোভ আপনার বিচার বুদ্ধি লোপ পাইয়ে দেয়।আপনি স্বাভাবিক বিচার বুদ্ধি হারিয়ে ফেলবেন লোভে পড়লে।

খ) অতি অবশ্যই পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনের কথা শুনুন, তাদের সাথে পরামর্শ করুন। আপনার স্ত্রী পুত্র কন্যার চাইতে আপন ওই বাইরের লোক না এটা বুঝতে চেষ্টা করুন।

গ) যত বেশি গোপন রাখতে বলবে, ধরে নেবেন তত বড় ফ্রড। আইনগতভাবে সলিড কোনোকিছুই লোকচক্ষুর আড়ালে হয় না এটা মাথায় রাখুন।

ঘ) নিজেকে বিশেষ সৌভাগ্যবান বা অন্যের চাইতে অসামান্য ভাবাটা বন্ধ করুন, চাটুকারদের কথায় বিশ্বাস স্থাপন করবেন না দয়া করে। দুনিয়াতে এত কোটি কোটি যোগ্য লোক থাকতে আপনাকে কেন মহা সৌভাগ্য, লটারির টিকেট, ৫০০% লাভের ব্যবসার সুযোগ বিনা পরিশ্রমে ধরা দেবে, এই প্রশ্নটা নিজেকে করুন।

ঙ) আল্লাহ যা দিয়েছেন, যেটুকু দিয়েছেন, তা নিয়ে সন্তুষ্ট থাকুন, শুকরিয়া আদায় করুন। নিজের অবস্থান নিয়ে সন্তুষ্ট এবং শুকরিয়া আদায়কারী কাউকে আমি আমার বারো বছরের ক্যারিয়ারে ধরা খেতে দেখিনি। বরং বহু বুদ্ধিমান ব্যক্তিকে দেখেছি, বিনা পরিশ্রমে লাভের আশায় সর্বস্ব খুইয়েছে। ক্যালকুলেটেড রিস্ক নিন, কিন্তু এমন কোনো রিস্ক নেবেন না যে ধরা খেলে আপনার রাস্তায় নামা লাগে।পাহাড়ের উপর থেকে ঝাঁপ দেবার আগে "What if I fly" ভাববেন পরে, আগে ভাবুন "what if I fall?"।যে রিস্ক নিচ্ছেন, ওটা ফেল মারলে ম্যানেজ করার সাধ্য আছে তো? উত্তর যদি নেগেটিভ হয়, ওমুখো হবার দরকার নাই।

সবচেয়ে বড় কথা, পুলিশের কাছে আসার আগে নিজেই নিজের লোভকে গ্রেপ্তার করুন, অনেক হয়রানি থেকে বেঁচে যাবেন।

আল্লাহ আমাদের সবার জান মালের হেফাজত করুন, তিনিই সর্বোত্তম রক্ষাকারী।

বিনীত

মাসরুফ হোসেন
পুলিশ সুপার
বাংলাদেশ পুলিশ।

Banner
Side banner
Side banner