উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় সেমিফাইনালের হাইভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় জায়ান্ট বায়ার্ন মিউনিখ ও পিএসজি। জার্মানির আলিয়াঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে রাত ১টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে।
প্রথম লেগে ৫-৪ গোলের রোমাঞ্চকর জয়ে এগিয়ে রয়েছে পিএসজি। ঠিক এক বছর আগে এই আলিয়াঞ্জ অ্যারেনাতেই ফাইনালে জিতে নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতে পিএসজি। সেই স্মৃতি এবার তাদের জন্য বড় অনুপ্রেরণা।
পিএসজির কোচ লুইস এনরিক জানিয়েছেন, দল আত্মবিশ্বাসী এবং তারা ব্যবধান ধরে রেখে ফাইনালে উঠতে চায়। পিএসজি তাদের স্বভাবজাত আক্রমণাত্মক ফুটবল থেকে এক চুলও সরবে না।
তিনি বলেন, ‘আমরা এখানে রক্ষণভাগ রক্ষা করতে আসিনি, আমরা ম্যাচ জিততে এসেছি। এক গোলের লিড আসলে কিছুই না। আমরা জানি বায়ার্ন ম্যাচে ফেরার ক্ষমতা রাখে, তবে আমরাও গোল করতে পারি।’
অন্যদিকে নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে বায়ার্ন। ম্যাচে ব্যবধান ঘুচিয়ে ফাইনালে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী ভিনসেন্ট কোম্পানির শিষ্যরা। প্রথম লেগে এক পর্যায়ে ৫-২ ব্যবধানে পিছিয়ে পড়েও যেভাবে তারা ৪-৫ ব্যবধানে ম্যাচ শেষ করেছে সেই লড়াকু মানসিকতাই আজ তাদের সবচেয়ে বড় শক্তি।
বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি জানান, আমাদের মিশন হলো ম্যাচ জেতা। আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা রয়েছে, যা আমাদের জয়ের পথে সাহায্য করবে। আদর্শ পরিস্থিতি হলো গোল না খেয়ে জয় পাওয়া, তবে দিনশেষে প্রতিপক্ষের চেয়ে একটি গোল বেশি করাই আসল কথা।
এই ম্যাচের জয়ী দল আগামী ৩০ মে বুদাপেস্ট-এ অনুষ্ঠিত ফাইনালে মুখোমুখি হবে আর্সেনাল-এর। ইতোমধ্যেই অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি। ফলে প্রতিপক্ষ কে হবে তা দেখার জন্য মুখিয়ে আছে ফুটবল বিশ্ব।





























আপনার মতামত লিখুন :