Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
banner

মার্কিন হামলায় প্রাণ হারালেন ৩ ইরানি পাইলট


FavIcon
আন্তর্জাতিক ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ০৫:১৬ পিএম
মার্কিন হামলায় প্রাণ হারালেন ৩ ইরানি পাইলট

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিন সামরিক পাইলট। ইরানের আধাসরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সির সূত্রের বরাতে বৃহস্পতিবার এমন খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার রাতের মার্কিন হামলায় ওই তিন পাইলট নিহত হন। এর মধ্যে মোজতবা বাঘেরি ও হামিদ ওকাতি নামে দুজন সদস্য ছিলেন ইরানি নৌবাহিনীর। আর হোসেন মাহদাভিয়ান নামের বাকি সদস্যটি কর্মরত ছিলেন বিমানবাহিনীতে। তবে ঠিক কোন জায়গায় এবং কীভাবে এই হামলা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সংবাদ মাধ্যমটি।

এর আগে ১ সেপ্টেম্বর দক্ষিণ-পশ্চিমের খুজেনস্তান প্রদেশে দায়িত্ব পালন করার সময় আমিরহোসেন সেলিমজাদে নামের এক ইরানি নৌসেনা মার্কিন হামলায় মারা যান। ইরানি প্রশাসনের তথ্যমতে, গত ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকার চালানো একের পর এক হামলায় মোট ১৮ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৪২ জন।

নিহতদের তালিকায় দেশটির বিভিন্ন অঞ্চলের মানুষ ও সামরিক বাহিনীর সদস্যরা রয়েছেন। দক্ষিণ হরমোজগান প্রদেশের সিরিকে চারজন এবং খুজেনস্তানে মারা গেছেন সাতজন। এছাড়া কেরমানশাহ প্রদেশে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) চারজন এবং লাভান দ্বীপে বাসিজ বাহিনীর তিনজন সদস্য নিহত হন।

গত ৩০ আগস্ট ইরানের লারক দ্বীপে যুক্তরাষ্ট্রের বোমাহামলার মাধ্যমে প্রায় এক মাস বন্ধ থাকা এই রক্তক্ষয়ী সংঘাত নতুন রূপ নেয়। এরপর যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ভেতরে বেশ কয়েকটি হামলা চালায়। 

জবাবে ইরানও বসে থাকেনি; তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে, যার রেশ ছড়িয়ে পড়েছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও।

 

সূত্র: আনাদোলু এজেন্সি।

 

 

Banner
Side banner

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Small Banner
Side banner