Swadesh Chitro
  • ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
banner

কুষ্টিয়ার বংশীতলায় বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক রণাঙ্গন দিবস পালিত


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৪:৪৫ পিএম
কুষ্টিয়ার বংশীতলায় বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক রণাঙ্গন দিবস পালিত
কুষ্টিয়ার বংশীতলায় বিনম্র শ্রদ্ধায় ঐতিহাসিক রণাঙ্গন দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ার ঐতিহাসিক ‘বংশীতলা রণাঙ্গন দিবস ২০২৬’ পালিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে 'শহীদ বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিল স্মৃতি সংসদ’-এর আয়োজনে শহরের বংশীতলায় ঐতিহাসিক এই দিনটি স্মরন করা হয়। 

১৯৭১ সালের এই দিনে (৫ সেপ্টেম্বর) কুষ্টিয়ার বংশীতলা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকারদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের এক রক্তক্ষয়ী সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। 

অসম সাহসিকতাপূর্ণ সেই যুদ্ধে ১৪ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন এবং মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় খতম হয় ৪০ জন পাকিস্তানি সেনা। শহীদদের স্মৃতিকে অমর করে রাখতে নির্মিত স্মৃতি ফলক ও সমাধিতে প্রতি বছরের ন্যায় এবারও পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও এলাকার সাধারণ মানুষ। ‘শহীদ বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিল স্মৃতি সংসদ’-এর আয়োজনে সকালে রণাঙ্গনের স্মৃতি ফলক ও শহীদ মুক্তিযোদ্ধাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড, সম্মিলিত সামাজিক আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা, শহীদ খোরশেদ আলম দিল স্মৃতি সংসদ, বংশীতলা মাধ্যমিক বিদ্যালয় এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) কুষ্টিয়া জেলা শাখাসহ স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও শ্রেণী-পেশার সংগঠনের পক্ষ থেকে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। 

পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতি ফলক প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বরের রণাঙ্গনের বীরত্বগাথা স্মরণ করে বলেন, বংশীতলার রক্তক্ষয়ী সংগ্রাম ও শহীদদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল অধ্যায়। নতুন প্রজন্মের কাছে এই ইতিহাস সঠিকভাবে তুলে ধরার ওপর বক্তারা গুরুত্বারোপ করেন। 

শহীদ মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এসরারুল হকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল মামুন, সম্মিলিত সামাজিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম, জেলা বাসদের আহ্বায়ক কমরেড শফীউর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কনক চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা কমরেড রফিকুল ইসলাম, অধ্যাপক নূরউদ্দিন আহমেদ, কুষ্টিয়া সদর উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোশারফ হোসেন, খোকশা কমিউনিটি লাইব্রেরীর প্রতিষ্ঠাতা জসীম উদ্দীন, খেলাঘরের সংগঠক নাসির উদ্দিন, জেলা সিপিরির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, বংশীতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদ আহমেদ। এসময় এলাকার বীর মুক্তিযোদ্ধাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিজয়ের মহানায়ক শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শরিফ মাহমুদ, কুষ্টিয়া

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner