Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
banner

মাজারে ওরসে অশ্লীলতা বন্ধে কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: এসএমপি


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১১:২৫ এএম
মাজারে ওরসে অশ্লীলতা বন্ধে কঠোর থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: এসএমপি
সিলেট মহানগর পুলিশের কমিশনার (এসএমপি) রেজাউল করিম

হযরত শাহজালাল (রহ.) মাজারে বার্ষিক ওরসকে কেন্দ্র করে অশ্লীলতা বন্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে বলে জানিয়েছেন, সিলেট মহানগর পুলিশের কমিশনার (এসএমপি) রেজাউল করিম। শুক্রবার (১৬ মে) বিকালে বার্ষিক ওরসকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, ‘যেহেতু মাজার একটি পবিত্র জায়গা, সেজন্য এখানে কোনোরকমের অশ্লীল ও অসামাজিক কাজ করা যাবে না। ওরসে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তায় থাকবে।’

তিনি বলেন, ‘মাজারের নিরাপত্তার জন্য পুরো এলাকাটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হবে। তাছাড়াও একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যরা সার্বক্ষণিক তাদের দায়িত্ব পালন করবেন।’ 

পুলিশ কমিশনার রেজাউল করিম বলেন, ‘এবার যারাই মাজারে আসবেন, তারা যেন এই মানসিক প্রস্তুতি নিয়ে আসেন, যেন এখানে কোনোরকমের খারাপ কাজে লিপ্ত হওয়া যাবে না। তাছাড়াও প্রতারণার শিকার না হওয়া ও মোবাইল চুরির মতো ঘটনা না ঘটে সেদিকে তারা সর্তক থাকতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির চেয়াপারসন উপদেষ্টা ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইসলামী সংগঠনের প্রতিনিধিরা। সংবাদ সম্মেলন শেষে দেশ ও জাতির কল্যাণে মোনাজাত অনুষ্ঠিত হয়।

আগামী রবিবার (১৮ মে) ও সোমবার (১৯ মে) হযরত শাহজালালের (রহ.) ৭০৬তম বার্ষিক ওরস হবে। 

এ ওরসে প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত ভিড় জমান মাজার প্রাঙ্গণে। এ সময় অনেকে অশ্লীলতায় মেতে ওঠেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এরই মধ্যে পুলিশ ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। নেওয়া হয়েছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner