Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩
banner

বিরোধী দলের এমপিদের সঙ্গে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৬, ০৪:২৬ পিএম
বিরোধী দলের এমপিদের সঙ্গে মির্জা ফখরুলের শুভেচ্ছা বিনিময়
ভোট দেওয়ার পর বিরোধী দলের এমপিদের সঙ্গে হাত মেলান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রায় ৩৫ বছর পর জাতীয় সংসদে চলছে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় সংসদ কক্ষে শুরু হওয়া এ ভোটগ্রহণ চলবে বিকাল ৫টা পর্যন্ত।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ইতোমধ্যে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

এরপর নিজের ভোট দেন ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি ভোট দিতে গেলে সংসদ সদস্যরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান। ভোট দেওয়া শেষে মির্জা ফখরুল বিরোধীদলীয় সংসদ সদস্যদের সঙ্গে হাত মেলান।

রাষ্ট্রপতি নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিপরীতে রয়েছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ।

সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন। ফলে সংসদে সংখ্যাগরিষ্ঠতার কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। তবে রাষ্ট্রপতি পদে একাধিক প্রার্থী থাকায় সংবিধান অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গোপন ব্যালটে অনুষ্ঠিত হচ্ছে না। সংসদ সদস্যরা নিজ নিজ আসনে বসে ব্যালটে পছন্দের প্রার্থীর নামের পাশে পূর্ণ নাম লিখে স্বাক্ষর করে ভোট দিচ্ছেন।

ভোটগ্রহণ শেষ হবে বিকাল ৫টায়। এরপর সংসদ কক্ষেই ভোট গণনা শুরু হবে। গণনা শেষে নির্বাচনি কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ফলাফল ঘোষণা করবেন। পরে নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।

Banner
Side banner
Side banner