চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তুজাম্মেল হক তোজু (৬৫) নামে এক পুকুর পাহারাদারকে চোখ উপড়ে নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে।
নিহত তোজু শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পারদিলালপুর গ্রামের মৃত জুনাব আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে ওই ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাশে নুন্যা পুকুরপাড়ে।
নিহতের ছেলে নফিউল্লাহ (২৫) ঘটনাটি নিশ্চিত করে বলেন, আমার পিতা মুসলিমপুর গ্রামের পাশে বেলাল উদ্দিনের নুইন্যা পুকুর পাহাড়া দিত। গত রাতে কে কারা আমার পিতার চোখ উপড়ে পেলেছে ও হত্যা করেছে। সকালে একজনের ফোনের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে আমার পিতাকে মৃত অবস্থায় দেখতে পাই।
নিহতের স্ত্রী নিলুফা বেগম ও মেয়ে সায়েমা খাতুন জানান, তাদের কারো সঙ্গে কোনো শত্রুতা ছিল না।স্থানীয় শাকিল হাসান জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। উপড়ে ফেলা হয়েছে বাম চোখ।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি সবোর্চ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শিগগির গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।





































আপনার মতামত লিখুন :