Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

যশোরে ২ ডিসেম্বর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন বিমানবাহিনীর প্রেসিডেন্ট প্যারেডে


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৬, ১২:১৯ পিএম
যশোরে ২ ডিসেম্বর আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেবেন বিমানবাহিনীর প্রেসিডেন্ট প্যারেডে

আগামী বুধবার ২ ডিসেম্বর ২০২৬ যশোর সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি যশোরে অবস্থিত বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির ‘প্রেসিডেন্ট প্যারেড’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। যশোরে কর্মসূচি শেষে একই দিনে কুষ্টিয়া সফর করবেন সরকারপ্রধান।
বুধবার ২৫ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশের একাধিক জাতীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচিতে যশোর ও কুষ্টিয়ায় প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির বিষয়টি উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর যশোর সফরের মূল কর্মসূচি থাকছে বাংলাদেশ বিমানবাহিনী একাডেমির প্রেসিডেন্ট প্যারেড। বিমানবাহিনীর কর্মকর্তা তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রতিষ্ঠান এই একাডেমি। প্রশিক্ষণার্থীদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং সামরিক সক্ষমতা বিকাশে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
প্রেসিডেন্ট প্যারেড বাংলাদেশ বিমানবাহিনীর একটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিক আয়োজন। সাধারণত প্রশিক্ষণ সমাপনী ও নবীন কর্মকর্তাদের সামরিক জীবনে প্রবেশ উপলক্ষে এ ধরনের কুচকাওয়াজের আয়োজন করা হয়।প্রধানমন্ত্রীর এই সফরে সামরিক কর্মসূচির পাশাপাশি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, সেচব্যবস্থা ও সামাজিক সুরক্ষাসংক্রান্ত একাধিক সরকারি কর্মসূচি অন্তর্ভুক্ত রয়েছে।
যশোরে অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় যাবেন। সেখানে গঙ্গা-কপোতাক্ষ (জিকে) সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে।
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি উৎপাদন ও সেচব্যবস্থায় গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রকল্পটির রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন কার্যক্রম কৃষকদের সেচসুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে সহায়ক হতে পারে।
কুষ্টিয়ায় ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষকদের সহায়তা এবং পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে।
কৃষি তথ্য সার্ভিসের তথ্য অনুযায়ী, কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখি ও কমলাপুর ব্লকের ২ হাজার ৮৫০ জন কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রত্যেক কৃষককে ২ হাজার ৫০০ টাকা করে মোট ৭১ লাখ ২৫ হাজার টাকা কৃষি উপকরণ সহায়তা দেওয়ার কর্মসূচি রয়েছে।এ ছাড়া মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সরকারি সম্মানী প্রদান কার্যক্রমেও অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
এদিকে, প্রধানমন্ত্রীর যশোর সফরকে ঘিরে সেনাবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ পরিদর্শন এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের উপস্থিতির বিষয়ে তথ্য পাওয়া গেলেও প্রকাশিত সরকারি সফরসূচির বরাতে প্রকাশিত সংবাদে এর উল্লেখ পাওয়া যায়নি। ফলে বিষয়টি এখনো নিশ্চিত নয়।যশোরে প্রধানমন্ত্রীর কোনো পৃথক জনসভা, রাজনৈতিক সমাবেশ কিংবা স্থানীয় উন্নয়ন প্রকল্প উদ্বোধনের কর্মসূচির কথাও প্রকাশিত সফরসূচিতে উল্লেখ করা হয়নি।যশোর ও কুষ্টিয়ায় নির্ধারিত সরকারি কর্মসূচি সম্পন্ন করে একই দিনে রাজধানী ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner