Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
banner

কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, ৫ নেতার বিরুদ্ধে মামলা


FavIcon
ভোলা,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৬, ০৮:১৫ পিএম
কৃষককে বিএনপি অফিসে নিয়ে মারধর, ৫ নেতার বিরুদ্ধে মামলা
ছবি; দুলাল মেম্বার

ভোলার মনপুরায় চৌকিদার দিয়ে আলাউদ্দিন নামে কৃষককে বিএনপি অফিসে ধরে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করার ঘটনায় বিএনপির ৫ নেতার বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বুধবার সকালে এ মামলা করেন নির্যাতিত ভুক্তভোগী কৃষক মো. আলাউদ্দিন।

মামলার আসামিরা হলেন- মো. দুলাল ওরফে দুলাল মেম্বার, ফরিদ, কালাম, মোশারফ ও কাদির। তাদের সবার বাড়ি উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে। তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করেন, মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম।

মামলার এজাহার সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) দুপুর ১২টায় চৌকিদার দিয়ে কৃষক আলাউদ্দিনকে বাংলাবাজার বিএনপি অফিসে নিয়ে যাওয়া হয়। পরে বিএনপি অফিসের সাঁটার বন্ধ করে মারধর করা হয় কৃষক আলাউদ্দিনকে। পরে বাংলাবাজার সেলুন থেকে প্রিয়লাল নাপিতকে এনে মাথার চুল কেটে ন্যাড়া করে দেওয়া হয়। এ ঘটনা কাউকে না বলার হুমকি দেওয়া হয়।

বিএনপি নেতাদের ভয়ে চিকিৎসা নিতে হাসপাতালে যেতে পারেননি কৃষক আলাউদ্দিন। পরে স্থানীয়দের সহযোগিতায় তিন দিন পর মঙ্গলবার মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। পরে থানায় মামলা করেন ভুক্তভোগী কৃষক।এ ব্যাপারে মনপুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিলন মাতাব্বর জানান, যে দলের হোক অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে। তবে এ ঘটনার জন্য নিন্দা ও দুঃখ প্রকাশ করেন তিনি।

এদিকে এ ঘটনার অভিযোগ অস্বীকার করে বিএনপি নেতা ইউপি সদস্য জাকির হোসেন দুলাল মেম্বার জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। নারী সংক্রান্ত বিষয়ে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কৃষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মারধর করা হয়নি।

মনপুরা থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, মারধরের ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের ধরতে অভিযান চলছে।

Banner
Side banner
Side banner