রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে জমে উঠেছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবারের এ আয়োজনে দিন দিন বাড়ছে মানুষের আগ্রহ। নতুন, পুরোনো ও রিকন্ডিশন্ড গাড়ির পাশাপাশি পাওয়া যাচ্ছে বিভিন্ন মডেলের মোটরসাইকেলও।
গতকাল আইসিসিবির এক্সপো ভিলেজে গিয়ে দেখা যায়, পছন্দের যানবাহন দেখতে ও কিনতে পরিবার নিয়ে আসছেন অনেকে। কেউ পছন্দ হলেই গাড়ি কিনছেন, আবার কেউ যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নিতে বিক্রেতার সঙ্গে যোগাযোগের তথ্য সংগ্রহ করছেন। গত ৪ সেপ্টেম্বর শুরু হওয়া এ আয়োজন ইতোমধ্যে টানা আট সপ্তাহ ক্রেতা-বিক্রেতার সাড়া পেয়েছে।
নবম বারের মতো গতকাল আইসিসিবিতে বসে এই গাড়ি কেনাবেচার আসর। অন্যান্য প্রচলিত গাড়ির বাজারের তুলনায় ‘সুপার সেল কার বাজারের’ বিশেষত্ব হলো, এখানে একই জায়গায় গাড়ি কেনার পাশাপাশি নিজের ব্যবহৃত গাড়ি বিক্রির সুযোগও রয়েছে। ফলে ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্যই তৈরি হয়েছে সহজ একটি প্ল্যাটফর্ম।
এখানে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের গাড়ি একসঙ্গে দেখার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। টয়োটা, মিতসুবিশি ও নিশান ব্র্যান্ডের গাড়ির উপস্থিতি তুলনামূলক বেশি। পুরোনো মডেলের গাড়ি থেকে শুরু করে একেবারে নতুন ২০২৬ সালের গাড়িও রয়েছে বাজারে। পাশাপাশি মোটরসাইকেল কেনাবেচার সুযোগ থাকায় দুই চাকার যানবাহনের ক্রেতারাও আসছেন এখানে। আয়োজনটির আরেকটি সুবিধা হলো, গাড়ি কেনার ক্ষেত্রে ব্যাংক ফাইন্যান্স ও অটো লোনের ব্যবস্থাও রয়েছে। ফলে ক্রেতাদের আলাদাভাবে বিভিন্ন প্রতিষ্ঠানে ঘুরতে হচ্ছে না।
ক্রেতাদের আগ্রহের বিষয়ে আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, প্রতি শুক্রবার ‘সুপার সেল কার বাজারে’ শত শত মানুষের সমাগম হচ্ছে। এখানে বিভিন্ন ক্যাটাগরির গাড়ি পাওয়া যাচ্ছে। ২০০০ সালের গাড়ি থেকে শুরু করে ২০২৬ সালের একেবারে নতুন গাড়িও রয়েছে। বিক্রেতারাও আয়োজন নিয়ে সন্তুষ্ট। আগামীতে এটি আরও সফল হবে।
উইজার্ড শোবিজের আয়োজনে এবং আইসিসিবির ভেন্যু সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে ‘সুপার সেল কার বাজার’। প্রতি শুক্রবার বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত বসছে এ বাজার। ব্যস্ত নগরজীবনে এক জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি দেখার ও কেনাবেচার সুযোগ থাকায় ক্রেতাদের কাছে আয়োজনটি ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে।





























আপনার মতামত লিখুন :