Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
banner

আজ থেকে নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৬, ০৩:৪৫ পিএম
আজ থেকে নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা
আজ থেকে নতুন কাঠামোয় বেতন পাবেন সরকারি চাকরিজীবীরা, পাবেন না যারা

নতুন বেতনকাঠামো অনুযায়ী রোববার (১ নভেম্বর) থেকে তিন মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। এ লক্ষ্যে সরকার বেতন পরিশোধের প্রস্তুতিও নিয়েছে। তবে নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় আপাতত পুরোনো কাঠামোতেই বেতন পাচ্ছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। পরবর্তী সময়ে তাদের বর্ধিত বেতন ও বকেয়া সমন্বয় করা হবে।

অর্থ বিভাগ সূত্রে জানা যায়, দেশে প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারী, আট লাখ পেনশনভোগী এবং ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন। তাদের মধ্যে অনেকেরই এখনো নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি। বেতন নির্ধারণ করতে গিয়ে গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড, বাড়িভাড়া ভাতা এবং পদোন্নতির পর আর্থিক সুবিধাসহ বিভিন্ন বিষয়ে অসংগতি দেখা দিয়েছে। এর পাশাপাশি সরকারের সমন্বিত আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি আইবাস++ নিয়েও জটিলতা তৈরি হয়েছে।

এসব সমস্যা সমাধানে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা আবেদন করেছেন। তবে এখনো এসব আবেদনের নিষ্পত্তি হয়নি।

এ বিষয়ে অর্থ বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন তৈরি ও বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতার ঘাটতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যাগুলো সমাধানে কাজ চলছে বলে উল্লেখ করেন এই কর্মকর্তা।

এদিকে নতুন কাঠামোয় বেতন নির্ধারণের ক্ষেত্রে গ্রেডভিত্তিক বেতনের অসংগতি নিয়ে ক্ষোভ জানিয়েছেন কর্মচারীরা। 

কোনো কোনো ক্ষেত্রে নিচের গ্রেডের কর্মচারীর মূল বেতন ওপরের গ্রেডের কর্মচারীর চেয়ে বেশি নির্ধারিত হচ্ছে বলে অভিযোগ করেন তারা। 

উদাহরণ হিসেবে তারা বলছেন, ১১তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন নির্ধারণ হচ্ছে ৩৭ হাজার টাকা। অথচ ১২তম গ্রেডের একজন কর্মচারী পাচ্ছেন ৩৭ হাজার ৭০০ টাকা।

নতুন বেতনকাঠামোয় বাড়িভাড়া ভাতার হিসাব নিয়েও অসংগতি দেখা দিয়েছে। কর্মচারীদের দেওয়া একটি হিসাব অনুযায়ী, দশম গ্রেডের একজন কর্মকর্তা নবম গ্রেডে পদোন্নতি বা প্রথম উচ্চতর গ্রেড পেলে তার মূল বেতন ৪৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৫১ হাজার টাকা হবে। অর্থাৎ মূল বেতন বাড়বে ১ হাজার ৩০০ টাকা।

কিন্তু গ্রেড পরিবর্তনের সঙ্গে বাড়িভাড়া ভাতার হার কমে যাওয়ায় তার মোট আয় কমতে পারে। দশম গ্রেডে ৫০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা ২৪ হাজার ৮৫০ টাকা হলেও নবম গ্রেডে ৪৫ শতাংশ হারে তা হবে ২২ হাজার ৯৫০ টাকা। ফলে মূল বেতন বাড়লেও বাড়িভাড়া ভাতা কমবে ১ হাজার ৯০০ টাকা। এতে মূল বেতন ও বাড়িভাড়া ভাতা মিলিয়ে মাসিক আয় ৬০০ টাকা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

পাশাপাশি উচ্চতর গ্রেড পাওয়ার যোগ্যতা ও সময় নির্ধারণ এবং আইবাস++ ব্যবস্থায় বেতন নির্ধারণের প্রক্রিয়া নিয়েও কর্মকর্তা-কর্মচারীদের আপত্তি রয়েছে।

নতুন বেতনকাঠামো বাস্তবায়নের শুরুতেই বেতন নির্ধারণ, গ্রেড ও ভাতা নিয়ে নানা জটিলতা দেখা দেওয়ায় নির্ধারিত সময়ে বর্ধিত বেতন পাওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন অনেক কর্মকর্তা-কর্মচারী। তাদের বর্ধিত বেতন ও বকেয়া কবে নাগাদ সমন্বয় করা সম্ভব হবে, তা এখনো স্পষ্ট নয়।

Banner
Side banner
Side banner