Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ০৭ এপ্রিল, ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২
banner

২০ দিনে ১৫০ কোটি রুপি, অমিতাভের চেয়েও বেশি পারিশ্রমিক কমল হাসানের


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ০২:২২ পিএম
২০ দিনে ১৫০ কোটি রুপি, অমিতাভের চেয়েও বেশি পারিশ্রমিক কমল হাসানের
অভিনেতা অমিতাভ বচ্চন ও কমল হাসান।

বলিউডের অন্যতম সায়েন্স ফিকশন ব্লকবাস্টার সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ আশ্বিন পরিচালিত এ সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিকের দিক থেকে নতুন এক রেকর্ড গড়েছেন বর্ষীয়ান অভিনেতা কমল হাসান। তিনি এমন অংকের পারিশ্রমিক নিয়েছেন, যা তাকে বর্তমানে ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের কাতারে শীর্ষে তুলে দিয়েছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অমিতাভ বচ্চনের মতো অভিনেতাকে পেছনে ফেলে সর্বোচ্চ পারিশ্রমিক পেয়েছিলেন কমল হাসান। সিনেমাটিতে এক শীর্ণ-জীর্ণ দৈত্যের মতো খলচরিত্রে দেখা গেছে কমল হাসানকে। পর্দায় তার উপস্থিতি খুব বেশি সময়ের না হলেও গল্পের জন্য চরিত্রটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমিত সময়ের শুটিং করেই তিনি পেয়েছেন আকাশছোঁয়া পারিশ্রমিক।

দক্ষিণী অভিনেতা ও নির্মাতা যুগি সেতু জানিয়েছেন, ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য প্রায় ২০ দিন শুটিং করেন কমল হাসান। 

আর এর বিনিময়ে তিনি পারিশ্রমিক হিসেবে পান প্রায় ১৫০ কোটি রুপি। যুগি সেতুর ভাষায়, “কমল স্যরের অভিনয়ের মানই আলাদা। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার জন্য ২০ দিন শুটিং করে তিনি পেয়েছেন ১৫০ কোটি রুপি। তাই আমি তাকে জন্মদিনে বলেছিলাম- এই মুহূর্তে আপনিই ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতা।”

তবে সিনেমাটির প্রযোজক সি অশ্বানি দত্ত ভিন্ন তথ্য দিয়েছেন। তার দাবি, কমল হাসান মাত্র ১০ দিন শুটিং করেই এই ১৫০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন। সে হিসেবে দৈনিক আয় দাঁড়ায় প্রায় ১৫ কোটি রুপি।

একই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। বিভিন্ন অ্যাকশন দৃশ্যেও দেখা গেছে তাকে। তবে জানা গেছে, এই সিনেমাতে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন প্রায় ২০ কোটি রুপি পারিশ্রমিক। অর্থাৎ পারিশ্রমিকের অংকে অমিতাভ বচ্চনের চেয়েও কয়েক গুণ এগিয়ে কমল হাসান।

২০২৪ সালে মুক্তি পাওয়া ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমাতে আরও অভিনয় করেছেন প্রভাস ও দীপিকা পাড়ুকোন। মুক্তির পর বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক এই সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বর্তমানে সিনেমাটির দ্বিতীয় কিস্তির কাজও এগিয়ে চলছে।

Banner
Side banner
Side banner