Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
banner

ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০৪:৪৫ পিএম
ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস
পাকিস্তানি অভিনেতা বিলাল আব্বাস

পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা বিলাল আব্বাস খান এবার আসছেন ঢাকায়। আগামী ৬ নভেম্বর রাজধানীতে পা রাখবেন তিনি। গুলশানে আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন’-এ বিশেষ অতিথি হিসেবে অংশ নেবেন এই অভিনেতা। সেখানে তার সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পাবেন বাংলাদেশের ভক্তরা।

আগামী ৪ থেকে ৮ নভেম্বর রাজধানীর গুলশান শুটিং ক্লাবে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান লাইফস্টাইল এক্সিবিশন। বাংলাদেশ ও পাকিস্তানের লাইফস্টাইল পণ্য, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতেই এ আয়োজন করা হচ্ছে।

আয়োজক প্রতিষ্ঠান পাকিস্তান লাইফস্টাইলের (পিএলএস) তথ্য অনুযায়ী, প্রদর্শনীতে পাকিস্তানের ঐতিহ্যবাহী পোশাক, বিয়ের সাজসজ্জা, লাইফস্টাইল পণ্য ও নানা ধরনের খাবারের সমাহার থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থী ও ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত থাকবে মেলা।

জানা গেছে, এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছেন বিলাল আব্বাসের মা, ফ্যাশন ডিজাইনার ও ব্যবসায়ী ফারহানা সোহাইল। মূলত মায়ের ব্যবসায়িক উদ্যোগকে সমর্থন জানাতেই বাংলাদেশ সফরে আসছেন এই অভিনেতা।

মেলা শুরু হবে ৪ নভেম্বর। তবে বিলাল আব্বাস ঢাকায় আসবেন ৬ নভেম্বর এবং ৮ নভেম্বর প্রদর্শনীর শেষ দিন পর্যন্ত অবস্থান করবেন। এ সময় মেলায় উপস্থিত হয়ে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

পাকিস্তানি টেলিভিশন নাটকের পরিচিত মুখ বিলাল আব্বাস খান। ‘ও রাংরেজা’, ‘চিঁক’, ‘প্যায়ার কে সাদকে’, ‘ডাঙ্ক’ ও ‘ইশক মুর্শিদ’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। সম্প্রতি ‘মেরি জিন্দেগি হ্যায় তু’ নাটকেও অভিনয় করে দর্শকদের নজর কেড়েছেন এই অভিনেতা।

পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশেও বিলাল আব্বাসের উল্লেখযোগ্যসংখ্যক ভক্ত রয়েছে। ফলে তার আসন্ন ঢাকা সফর ঘিরে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

Banner
Side banner
Side banner