Swadesh Chitro
  • ঢাকা বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
banner

বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ


FavIcon
বিনোদন ডেস্ক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৩:৫৭ পিএম
বাংলাদেশ বিমানে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ প্রদর্শন বন্ধ
‘লালসালু’-‘চিত্রা নদীর পারে’ সিনেমায় অভিনেতা রাইসুল ইসলাম আসাদ ও অভিনেত্রী আফসানা মিমি।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে দীর্ঘদিন ধরে প্রদর্শিত হয়ে আসা দুই কালজয়ী চলচ্চিত্র ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ আর না দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি সংশ্লিষ্ট পরিবেশক প্রতিষ্ঠানকে বিমান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

পরপর দুটি জনপ্রিয় ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করে দেওয়ায় স্যোশাল মিডিয়ায় এ নিয়ে প্রশ্ন উঠেছে। চলচ্চিত্র দুটির পরিচালক ও প্রযোজক বিশিষ্ট নির্মাতা তানভীর মোকাম্মেল নিজেও বিষয়টি নিয়ে ফেসবুকে একাধিক পোস্ট শেয়ার করেছেন।

সিনেমা দুটিই দেশের চলচ্চিত্র অঙ্গনে বিশেষ প্রশংসিত ও একাধিক বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত। তানভীর মোকাম্মেল পরিচালিত ‘লালসালু’ চলচ্চিত্রটি ২০০১ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

 

সৈয়দ ওয়ালীউল্লাহর বিখ্যাত উপন্যাস অবলম্বনে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আলী যাকের, তৌকির আহমেদ, মেহবুবা মাহনূর চাঁদনী, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ, রওশন জামিল ও মুনিরা ইউসুফ মেমীসহ দেশের খ্যাতনামা একঝাঁক অভিনেতা-অভিনেত্রী।

১৯৪৭ সালের দেশভাগ ও তৎকালীন আবহ নিয়ে ১৯৯৯ সালে মুক্তি পেয়েছিল ‘চিত্রা নদীর পারে’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন নাট্যজন মমতাজউদ্দীন আহমেদ, আফসানা মিমি, তৌকীর আহমেদ, রওশন জামিল ও সুমিতা দেবী প্রমুখ। 

Banner
Side banner
Side banner