কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আওয়ামী লীগের এমপি মো: আফজাল হোসেনের বিরুদ্ধে একজোট হয়ে সমাবেশ করেছে দলটির মনোনয়ন প্রত্যাশীরা।
শনিবার (১৪ অক্টোবর) সমাবেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে এমপির লোকজনের হামলা মামলা ও জমি দখলসহ বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করা হয়।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, কিশোরগঞ্জ -৫ (নিকলী বাজিতপুর)-এর এমপি আফজাল হোসেন ও তার আত্মীয়-স্বজনেরা ১৫ বছর ধরে নিকলী বাজিতপুরে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে। আওয়ামী লীগকে তছনছ করে (এমপি) আত্মীয় লীগ গঠন করেছে। প্রকৃত আওয়ামী লীগাররা তাদের অত্যাচারে এখন বাড়িতে ঘুমাতে পারছে না।
সমাবেশ চলাকালে এমপি বাজিতপুরে তার বাড়িতে অবস্থান করছিলেন।
শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম রহমান গোলাপের সভাপতিত্বে নিকলী সদর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুন্নবী বাদল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, জেলা কৃষকলীগের সাবেক সহ-সভাপতি ফারুক আহমেদ ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুন্নবী সাথী প্রমুখ।
বক্তারা বলেন, আমাদের এ সমাবেশ সামনের নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার লক্ষে ও এমপি আফজালের অপকর্মের বিরুদ্ধে। এ আসনে জনগণ এমপির পরিবর্তন চায়। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও তুলে ধরেন।



















আপনার মতামত লিখুন :