Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

মাগুরায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা, যুবক আটক


FavIcon
আল এমরান,মাগুরা,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০১:২৭ পিএম
মাগুরায় ব্যবসায়ীকে গলাকেটে হত্যা,  যুবক আটক

মাগুরা শহরে সুজিত গুহ ভজন (৫৫) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) রাত ১১টার দিকে শহরের পশু হাসপাতাল পাড়ার ছায়াবিথী সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার পর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আবির বিশ্বাস নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, রাত সাড়ে ১০টার দিকে ভজন গুহ চা খাওয়ার উদ্দেশ্যে পশু হাসপাতাল পাড়ার ভাড়া বাড়ি থেকে বের হন। এরপর ওই এলাকার মুন্সী বাড়ির গলিতে তাকে গলাকেটে হত্যা করা হয়। এ সময় এলাকাবাসী রক্তাক্ত ছুরি হাতে এক যুবককে পালিয়ে যেতে দেখে পুলিশকে খবর দেয়। পরে রাত ১১টার দিকে সদর থানা পুলিশ ওই যুবককে আটক করে। এ সময় তার বাড়ি থেকে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়।

নিহত ভজন গুহর স্ত্রী অনিতা রাণী গুহ বলেন, আমার স্বামী একজন নিরীহ প্রকৃতির মানুষ। কারো সঙ্গে বিবাদ ছিল না তার। সাধারণ জীবন যাপন করতেন। কিন্তু তারপরও তাকে গলা কেটে হত্যা করা হলো।

তবে কী কারণে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে সে সম্পর্কে কোনো তথ্য দিতে পারেননি এ নারী।

স্থানীয়রা জানান, পুলিশের হাতে আটক হওয়া আবির ওই এলাকার হান্নান বিশ্বাসের ছেলে।  তিনি একজন মাদকাসক্ত। গত বছরের ৫ আগস্ট বিকালে তিনি একই এলাকার বাসিন্দা স্বর্ণ ব্যবসায়ী ক্ষিরোদ কর্মকারকে ধারালো দা দিয়ে মাথায় আঘাত করেন। গত কয়েক মাসে তিনি স্থানীয় অনেকের ওপর নানাভাবে নির্যাতন চালিয়ে আসছিলেন। তবে, কেউ ভয়ে পুলিশে অভিযোগ দেয়নি।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকেই ভজন গুহ নামে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। এ সময় আবির নামে সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করা হয়েছে। একই সময়ে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রক্তমাখা ছুরি পাওয়া গেছে।

Banner
Side banner
Side banner