Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

সাংবাদিক ইউনিয়ন যশোর নতুন সদস্যপদ প্রদানে কঠোর অবস্থানে


FavIcon
মোঃ নজরুল ইসলাম,(নিজস্ব প্রতিবেদক)যশোর:
প্রকাশিত: জুন ৪, ২০২৬, ০৩:২৭ পিএম
সাংবাদিক ইউনিয়ন যশোর নতুন সদস্যপদ প্রদানে কঠোর অবস্থানে
প্রেসক্লাব সভাপতির কাছে স্মারকলিপি, সাত দিনের আল্টিমেটাম

প্রেসক্লাব যশোরে নতুন সদস্যপদ প্রদানের দাবিতে কঠোর অবস্থান নিয়েছে সাংবাদিক ইউনিয়ন যশোর। এ দাবিতে বুধবার প্রেসক্লাব যশোরে এক সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে উত্থাপিত দাবির বিষয়ে সাত দিনের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়নের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
সভায় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রেসক্লাব যশোরকে একটি গোষ্ঠীর নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং নতুন সদস্যপদ প্রদানের ক্ষেত্রে নানা ধরনের টালবাহানা করা হচ্ছে। তাদের দাবি, এ অঞ্চলের কর্মরত সাংবাদিকদের অন্যতম অভিভাবকতুল্য ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান প্রেসক্লাব যশোরে অনেক যোগ্য ও পেশাদার সাংবাদিক এখনও সদস্যপদ থেকে বঞ্চিত রয়েছেন।
বক্তারা বলেন, সাংবাদিক ইউনিয়ন যশোরের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ও নবীন সাংবাদিক দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে মূলধারার গণমাধ্যমে দায়িত্ব পালন করলেও তারা এখনও সদস্যপদ পাননি। এমনকি নিয়ম অনুযায়ী আবেদন জমা দেওয়ার পরও অনেকের আবেদন দীর্ঘদিন ধরে অনিষ্পন্ন অবস্থায় রয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি এমন কিছু ব্যক্তিকে সদস্যপদ দেওয়া হয়েছে, যাদের সাংবাদিকতায় অভিজ্ঞতা তুলনামূলকভাবে কম এবং যাদের অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছে।
নেতৃবৃন্দ বলেন, এই বৈষম্য অব্যাহত থাকলে যশোরের সাংবাদিক সমাজে বিভক্তি ও অস্থিরতা সৃষ্টি হতে পারে। তারা অবিলম্বে যোগ্য ও পেশাদার সাংবাদিকদের সদস্যপদ প্রদান, দুই বছর মেয়াদ পূর্ণ হওয়ার পর দ্বিবার্ষিক নির্বাচন আয়োজন এবং শহরে কর্মরত সাংবাদিকদের পেশাগত মর্যাদা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানান।এছাড়া সাংবাদিক ইউনিয়ন যশোরের নিজস্ব কার্যালয় সম্প্রসারণের দাবিও উত্থাপন করা হয়।
সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সুবর্ণভূমি সম্পাদক আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি এম. আইউব, নূর ইসলাম, শহিদ জয়সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
পরে ইউনিয়নের নেতারা প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। এ সময় তিনি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দিয়ে বলেন, প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner