অহংকার মানুষের আত্মিক জীবনের অন্যতম ভয়াবহ ব্যাধি। এটি এমন একটি গুনাহ, যা মানুষকে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় এবং মানুষের কাছেও অপছন্দনীয় করে তোলে। ইতিহাসের প্রথম অবাধ্য সত্তা ইবলিসও অহংকারের কারণেই আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছিল। তাই ইসলামে বিনয় ও নম্রতাকে ইমানদারের অন্যতম শ্রেষ্ঠ গুণ হিসেবে গণ্য করা হয়েছে। কুরআন ও হাদিসে অহংকারের ভয়াবহতা এবং তা থেকে বাঁচার বিভিন্ন উপায় সম্পর্কে স্পষ্ট নির্দেশনা রয়েছে।
অহংকারীদের আল্লাহ পছন্দ করেন না।
পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন—
إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُورًا
‘নিশ্চয়ই আল্লাহ তাকে ভালোবাসেন না, যে অহংকারী ও আত্মগর্বী।’ (সুরা নিসা: আয়াত ৩৬)
অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন—
وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّكَ لَنْ تَخْرِقَ الْأَرْضَ وَلَنْ تَبْلُغَ الْجِبَالَ طُولًا
‘পৃথিবীতে দম্ভভরে চলাফেরা করো না। তুমি কখনো পদভারে পৃথিবী বিদীর্ণ করতে পারবে না এবং উচ্চতায় কখনো পর্বতসমানও হতে পারবে না।’ (সুরা আল-ইসরা: আয়াত ৩৭)
আরও ইরশাদ হয়েছে—
وَلَا تُصَعِّرْ خَدَّكَ لِلنَّاسِ وَلَا تَمْشِ فِي الْأَرْضِ مَرَحًا ۖ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
‘অহংকারবশত মানুষের প্রতি মুখ ফিরিয়ে রেখো না এবং পৃথিবীতে উদ্ধতভাবে চলাফেরা করো না। নিশ্চয়ই আল্লাহ কোনো অহংকারী ও আত্মগর্বী ব্যক্তিকে পছন্দ করেন না।’ (সুরা লোকমান: আয়াত ১৮)
অহংকার জান্নাতের পথে সবচেয়ে বড় বাধা
হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
لَا يَدْخُلُ الْجَنَّةَ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ كِبْرٍ
‘যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না।’ এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, মানুষ তো চায় তার পোশাক ও জুতা সুন্দর হোক, এটাও কি অহংকার? রাসুলুল্লাহ (সা.) বললেন—
إِنَّ اللَّهَ جَمِيلٌ يُحِبُّ الْجَمَالَ، الْكِبْرُ بَطَرُ الْحَقِّ وَغَمْطُ النَّاسِ
‘নিশ্চয়ই আল্লাহ সুন্দর এবং সৌন্দর্যকে ভালোবাসেন। অহংকার হলো সত্যকে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছজ্ঞান করা।’ (মুসলিম ৯১, ২৭৫)
বিনয় মানুষের মর্যাদা বৃদ্ধি করে
যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অহংকার ত্যাগ করে এবং বিনয় অবলম্বন করে, আল্লাহ তাকে মানুষের কাছে সম্মানিত করে দেন।
হজরত আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ
‘কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয় অবলম্বন করলে আল্লাহ অবশ্যই তার মর্যাদা বৃদ্ধি করেন।’ (মুসলিম ২৫৮৮, ৬৩৫৬)
একই হাদিসে আরও এসেছে—
‘সদকা করলে সম্পদ কমে না। যে ব্যক্তি ক্ষমা করে, আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করেন।’













আপনার মতামত লিখুন :