স্বচ্ছতা ও নিরপেক্ষ শাসন নিশ্চিত করতে হবে, তবেই গণতন্ত্র শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল । তিনি তার বক্তব্য বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মূল শক্তি হলো সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহি ও নিরপেক্ষ প্রশাসন। রাষ্ট্র পরিচালনায় এসব মূল্যবোধ নিশ্চিত করা না গেলে জনগণের আস্থা দুর্বল হয় এবং রাজনৈতিকভাবে নতুন বাস্তবতার সৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মেলান্দহ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুঞ্জুরুল কবির মুঞ্জুরের সঞ্চালনায় অনুষ্ঠানে এমপি বাবুল তার বক্তব্যে আরো বলেন, বর্তমান রাজনৈতিক নেতৃত্বের দায়িত্ব হলো গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। সরকার যদি নিরপেক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে।

তিনি বলেন, “আমরা যদি গণতন্ত্রকে সুসংহত করতে পারি, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে পারি এবং ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অতীতের অগণতান্ত্রিক রাজনীতির পুনরাবৃত্তির সুযোগ থাকবে না। জনগণের আস্থাই হবে গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি।”
এমপি বাবুল আরও বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় কাজ করছে। দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে সততা, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই আন্দোলনের চেতনা ধারণ করে গণতন্ত্র, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।



























আপনার মতামত লিখুন :