১৪ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে ২০১৪ সালে আলাদা হয়ে যান হৃতিক রোশন ও সুজান খানের। তবে বিচ্ছেদের পরও তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই একসঙ্গে দেখা যায় তাঁদের। বিশেষ দিনগুলোতে সামাজিক যোগাযোগমাধ্যমেও একে অপরের প্রতি সমর্থন ও শুভকামনা জানাতে দেখা যায় তাঁদের।
সম্প্রতি সুজানের জন্মদিন উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর সঙ্গে কাটানো কিছু মুহূর্তের ছবি শেয়ার করেন হৃতিক। ছবিগুলোর ক্যাপশনে সুজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে হৃতিক লেখেন, ‘শুভেচ্ছা জানাতে একটু দেরি হয়ে গেল, তবে তা এসেছে আমার হৃদয়ের গভীর থেকে। শুভ জন্মদিন, সুজান।’
সুজানের জন্য ভালোবাসা, উষ্ণতা, আনন্দ ও জীবনের নানা জাদুকরি মুহূর্ত কামনা করে হৃতিক লেখেন, ‘তুমি তোমার চারপাশের মানুষদের যেভাবে নিঃস্বার্থভাবে এসব উপহার দাও, আমার কামনা, এ বছর তুমিও তেমন ভালোবাসা, উষ্ণতা, আনন্দ ও জাদুতে ভরে ওঠো। তুমি যে জীবন কাটিয়েছ, যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করেছ এবং যে মানুষ হয়ে উঠেছ, তা নিয়ে আমি সত্যিই গর্বিত। সত্যিই, তোমার মধ্যে মায়ের আত্মা বেঁচে আছে।’
প্রাক্তন স্ত্রীকে তাঁদের সন্তানদের সেরা মা হিসেবেও অভিহিত করেন হৃতিক। সন্তানদের জীবনে সুজানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করে তিনি লেখেন, ‘তুমি আমাদের সন্তানদের সেরা মা। আমি কৃতজ্ঞ যে তাদের মা এমন একজন ইতিবাচক মনের, যিনি কখনো জীবনের ভালো দিকগুলো দেখতে ক্লান্ত হন না।’
সুজানের প্রশংসা করে হৃতিক আরও লেখেন, ‘তুমি অসাধারণ। বাবা যেমন বলেন, “অসাধারণ কাজই একজন মানুষকে অসাধারণ করে তোলে!” তুমি অসাধারণ সব কাজ করো। তোমার জন্য আরও শক্তি ও সাফল্য কামনা করি।’
সুজানের নকশাপ্রতিষ্ঠান ‘দ্য চারকোল প্রজেক্ট’-এর সাফল্য কামনা করে হৃতিক আশা প্রকাশ করেন, একদিন বিশ্বের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়বে প্রতিষ্ঠানটি। বার্তার শেষে সাবেক স্ত্রীকে আশ্বস্ত করে তিনি লেখেন, ‘আমি সব সময় তোমার সাফল্যে উচ্ছ্বসিত হব, তোমাকে উৎসাহ দিয়ে যাব।’
এদিকে হৃতিকের এই পোস্টে মন্তব্য করেছেন তাঁর বর্তমান প্রেমিকা সাবা আজাদও। পোস্টটির মন্তব্যের ঘরে লাল হৃদয়ের ইমোজি দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।





































আপনার মতামত লিখুন :