Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩
banner

ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৬, ০৪:৫৯ পিএম
ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে
ইনিংস হার এড়িয়ে বাংলাদেশ হারল ৯ উইকেটে

চতুর্থ ইনিংসে দক্ষিণ আফ্রিকা ব্যাট করতে নামল ঠিকই, কিন্তু তা একরকম আনুষ্ঠানিকতা রক্ষার্থেই। জয়ের জন্য বাংলাদেশ যে মাত্র ১২ রানেরই লক্ষ্য দিতে পেরেছে তাদের! জোহানেসবার্গ টেস্টে বাংলাদেশ শেষ পর্যন্ত ইনিংস ব্যবধানে হারেনি, হারেনি ১০ উইকেটেও। কিন্তু মাত্র ১২ রানের লক্ষ্য দিয়ে তো আর ম্যাচ জেতা যায় না।

মেহেদী হাসান মিরাজ মার্কেস অ্যাকারম্যানকে আউট করে দেওয়ায় বাংলাদেশ টেস্টে হেরেছে ৯ উইকেটে। ইবাদত হোসেনের বলে এইডেন মার্করাম বোল্ড হয়ে যাওয়ার পর সেটি ‘নো’ বল না হলে ব্যবধানটা আরেকটু কমতে পারত। কিন্তু ওয়ান্ডারার্সে আজ এড়ানোর কোনো সুযোগই আসলে ছিল না বাংলাদেশের।

টেস্টের শেষটাতে যে এমন কিছু হবে, তা অবশ্য চতুর্থ দিন শেষ হওয়ার পরই বোঝা যাচ্ছিল। ৫ উইকেটে ১০০ রান নিয়ে শেষ দিনে ব্যাট করতে নামা বাংলাদেশ আজ ইনিংস হার এড়াতে পারে কি না, সংশয় ছিল তা নিয়েই।  আশা হয়ে ছিলেন তিন স্বীকৃত ব্যাটসম্যান মুশফিকুর রহিম, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। কিন্তু সবাই মিলে এক সেশনও পার করতে পারেননি।

রাবাদার বলে বোল্ড হয়ে যান লিটন

রাবাদার বলে বোল্ড হয়ে যান লিটন এএফপি

দিনের শুরুর আধা ঘণ্টা ভালোভাবেই পার করে দিয়েছিলেন লিটন ও মুশফিক। কিন্তু রাবাদার বলে ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এজে লিটন বোল্ড হয়ে যান ৩৯ রান করে। তখনো বাংলাদেশ ইনিংস হারের শঙ্কা কাটাতে পারেনি। মুশফিক ও মিরাজ মিলে পরে সেই শঙ্কা কাটালেও লিডটা দাঁড়িয়েছে সামান্যই।

সাইমন হারামারের পরপর দুই ওভারে মুশফিক, মিরাজ দুজনই আউট হয়ে যান। ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলতে গিয়ে মুশফিকের গ্লাভস ছুঁয়ে ক্যাচ যায় কেভিন বশের হাতে। শুরুতে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় দক্ষিণ আফ্রিকা। মিরাজও এগিয়ে এসে খেলতে গিয়েই হন স্টাম্পিংয়ের শিকার।

তাঁদের আউটের পর বাংলাদেশের অলআউট হয়ে যাওয়াটা ছিল শুধুই সময়ের ব্যাপার। শেষ তিন ব্যাটসম্যান মিলে ৫ রানের বেশি যোগ করতে পারেননি। ১২ রানের লক্ষ্যে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লেগেছে ১.৩ ওভার। জোহানেসবার্গে প্রথম ইনিংসে ৩১৩ রানের বেশি করে এই প্রথম হারল কোনো দল। প্রথম ইনিংসে বাংলাদেশ চার শ রান করার পর ভালো একটা লড়াইয়ের প্রত্যাশা ছিল। কিন্তু হাসান ছাড়া বাকি বোলাররা বেশির ভাগ সময়ই নিষ্প্রভ থেকেছেন। দক্ষিণ আফ্রিকার লেজের ব্যাটসম্যানদেরও আউট করা যায়নি দ্রুত। ২৩ নভেম্বর থেকে সেঞ্চুরিয়নে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

Banner
Side banner
Side banner