Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১০ আগস্ট, ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
banner

হাইকোর্টে তথ্য গোপন করে জামিনের চেষ্টা, আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা


FavIcon
আদালত প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৬, ০৯:১১ পিএম
হাইকোর্টে তথ্য গোপন করে জামিনের চেষ্টা, আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
ফাইল ছবিঃ হাইকোর্ট ।

হাইকোর্টে একই মামলার পূর্ববর্তী শুনানির তথ্য গোপন করে পুনরায় তালিকাভুক্ত করে জামিন নেয়ার চেষ্টা করার অভিযোগে এক আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন হাইকোর্টের একটি বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিস্ট কোর্টের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না।

রোববার বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে মামলাটি ১৫ নম্বর সিরিয়ালে (টেন্ডার নম্বর-৫০৮১১) শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। মামলায় আসামি সাকিব ওরফে সাকিব হাসান লিটনের জামিনের আবেদন করা হয়। শুনানির একপর্যায়ে আদালতের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতান মাহমুদ বান্না আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, একই মামলাটি এর আগে হাইকোর্টের অন্য একটি বেঞ্চে শুনানি হয়েছে। কিন্তু ওই শুনানির বিষয়টি গোপন রেখে মামলাটি পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে।

বিষয়টি আদালতের নজরে আসার পর সংশ্লিষ্ট আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চান আদালত। তবে তার দেয়া ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট হতে পারেননি। পরে আদালত জামিনের আবেদনটি সরাসরি খারিজ করে দেন। একই সঙ্গে আদালতের কাছে তথ্য গোপন করে প্রতারণার আশ্রয় নেওয়ার অভিযোগে আইনজীবী মোহাম্মদ আজিজুর রহমানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, আদালতের কাছে পূর্ণাঙ্গ ও নির্ভুল তথ্য উপস্থাপন করা একজন আইনজীবীর মৌলিক পেশাগত দায়িত্ব। তিনি বলেন, একই বিষয়ে একাধিক বেঞ্চে শুনানির সুযোগ তৈরি করা কিংবা পূর্ববর্তী কার্যক্রম গোপন করে আদালতের আদেশ প্রভাবিত করার চেষ্টা শুধু পেশাগত নৈতিকতার পরিপন্থী নয়, বরং এটি বিচারপ্রক্রিয়ার প্রতি মানুষের আস্থাকেও প্রশ্নবিদ্ধ করে।

Banner
Side banner

আইন-আদালত বিভাগের আরো খবর

Small Banner
Side banner