রাজধানীর পুরান ঢাকার বংশালে এক বিএনপি নেতার রাজনৈতিক কার্যালয়ে ‘অগ্নিসংযোগের’ ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-৭ আসনের এমপি প্রার্থী মো. ইসহাক সরকারের ওই অফিস ভবনের নিচের তলার মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। তবে প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীর দাবি, একদল যুবক মোটরসাইকেলে এসে পরিকল্পিতভাবে মিষ্টির দোকানে আগুন লাগিয়ে দেয়।
আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান। তিনি বলেন, ‘রাত ২টা ১০ মিনিটে বংশালে বিএনপি অফিসের নিচতলায় আল নাসির মিষ্টির দোকানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।’
বিষয়টি নিয়ে বিএনপি নেতা মো. ইসহাক সরকার বলেন, আমরা সিসিটিভি ফুটেজে দেখেছি, আগুন লাগার আগে মিষ্টির দোকানের সামনে বেশ কয়েকজন মোটরসাইকেলে করে এসে দাঁড়ায়। আমরা আশপাশের এলাকার আরো ফুটেজ সংগ্রহের চেষ্টা করছি। আমাদের ধারণা ওই যুবকেরাই পরিকল্পিতভাবে অফিসে আগুন দিয়েছে।







































আপনার মতামত লিখুন :