Swadesh Chitro
  • ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩
banner

বিতর্কিত নির্বাচন করে সমালোচিত হতে চাই না: ইসি হাবিব


FavIcon
ঝিনাইদহ,প্রতিবেদক:
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৩, ০৯:৫৯ পিএম
বিতর্কিত নির্বাচন করে সমালোচিত হতে চাই না: ইসি হাবিব
বিতর্কিত নির্বাচন করে সমালোচিত হতে চাই না: ইসি হাবিব

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, আমরা কোনো বিতর্কিত নির্বাচন করে সমালোচিত হতে চাই না।

বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার বিএনপিসহ আন্দোলনরত রাজনৈতিক দলগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন, আমরা সবাইকে নিয়ে আলোচনায় বসার চেষ্টা করেছি। অনেকেই আমাদের ডাকে সাড়া দিয়েছেন। আর যারা দেননি তাদের আমরা আনুষ্ঠানিকতা বাদেও অনানুষ্ঠানিকভাবেও আলোচনার আহবান জানিয়েছি। আমরা বারবার বলেছি, আসুন কথা বলি কিন্তু কাজ হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রার্থীর দায়িত্ব ভোটার উপস্থিতি করানো, আমাদের খুশি-অখুশির বিষয় না। অল্প ভোটেও লিগ্যাল একজন এমপি নির্বাচিত হতে পারেন। তবে পারসেপশনে গ্রহণযোগ্য নাও হতে পারে, আইনগত ক্ষেত্রে কোনো বাধা নেই।

তিনি আরও বলেন, নির্বাচন পরিচালনার সঙ্গে জড়িত কর্মকর্তাদের আরপিও অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো প্রকার গাফিলতি হলেই ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম বা পক্ষপাতের সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তাকে বদলি কিংবা শাস্তি দেওয়া হবে না। শুধু তাই নয় বিশৃঙ্খলা হলেই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হবে।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মাগুরা ও মেহেরপুর জেলার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি, নির্বাচন কর্মকর্তা, ইউএনও, সব থানার ওসিসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এ সময় নির্বাচন কমিশনার অবসর প্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দায়িত্ব পালনে প্রার্থী, রাজনৈতিক দল ও ভোটারের আস্থা অর্জন করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কখনো অতি উৎসাহী হয়ে এমন কোনো আচরণ করবেন না, যাতে আপনাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে এবং নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়।

বিগত নির্বাচন পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা পরিলক্ষিত হয় উল্লেখ করে নির্বাচন কমিশনার বলেন, এ বিষয়ে অধিকতর সর্তক থাকতে হবে। সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্ব দেন তিনি।

ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ মতবিনিময় সভা। নির্বাচনি আইন এবং আইনশৃঙ্খলাসহ নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়েই সভায় আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সভায় উপস্থিত কর্মকর্তারা নির্বাচনের পরিবেশসহ সার্বিক বিষয় তুলে ধরেন।
 

Banner
Side banner
Side banner