Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
banner

আমানত বেড়েছে ৫২ হাজার কোটি, ঋণ সাড়ে ৫ হাজার কোটি টাকা


FavIcon
অনলাইন ডেস্ক:
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬, ০৫:০৩ পিএম
আমানত বেড়েছে ৫২ হাজার কোটি, ঋণ সাড়ে ৫ হাজার কোটি টাকা

রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকে আমানতের প্রবাহ বাড়লেও সেই তুলনায় ঋণ বিতরণ হচ্ছে খুবই কম। গত এক বছরে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বিডিবিএল ব্যাংকে প্রায় ৫২ হাজার কোটি টাকার নতুন আমানত জমা হলেও ঋণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫০০ কোটি টাকা।

ঋণ ও আমানতের এই বড় ব্যবধানের কারণে ব্যাংকগুলোর ঋণ-আমানত অনুপাত (এডিআর) উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এর পাশাপাশি ছয়টি ব্যাংকের মধ্যে চারটিই এখন বড় অঙ্কের মূলধনঘাটতিতে ভুগছে। এমন পরিস্থিতিতে আমানতের ব্যয় কমানো, মানসম্মত ঋণ বিতরণ এবং নির্ধারিত সময়ের মধ্যে খেলাপি ঋণ আদায়ে কার্যকর পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে ১৮ নভেম্বর ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। বৈঠকে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদের সদস্য ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকের প্রধান কাজ আমানত সংগ্রহ করে সেই বিভিন্ন অর্থ ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠানকে ঋণ হিসেবে দেওয়া। ঋণ থেকে পাওয়া সুদ ব্যাংকের আয়ের অন্যতম প্রধান উৎস। একই সঙ্গে ঋণের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন, কর্মসংস্থান ও বিনিয়োগে অর্থের জোগান তৈরি হয়। কিন্তু রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংক এ ক্ষেত্রে ভালো ভূমিকা রাখতে পারছে না বলে বৈঠকে অসন্তোষ প্রকাশ করা হয়।

বৈঠকে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি নিয়েও আলোচনা হয়। জানানো হয়, গত সেপ্টেম্বর পর্যন্ত ঋণে প্রবৃদ্ধি কমে হয়েছে ৪ দশমিক ১৭ শতাংশ, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। এ নিয়ে টানা সাত মাস বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে রয়েছে।

ব্যাংকাররা বলছেন, ঋণ নেওয়ার চাহিদা কম থাকায় ব্যাংকগুলো চাইলেও ঋণ দিতে পারছে না। আবার কাগজপত্র যথাযথভাবে যাচাই না করে আগের সরকারের সময়ের মতো ঢালাও ঋণ দিতেও চায় না তারা।

বৈঠকে আশঙ্কা প্রকাশ করা হয়, আমানতের তুলনায় ঋণ বিতরণে বড় ব্যবধান থাকলে ব্যাংকের আয় ও অর্থনীতিতে অর্থের প্রবাহ-দুই ক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়বে। জানানো হয়, এক বছরে ছয় ব্যাংকের আমানত ১১ দশমিক ৬ শতাংশ বেড়েছে। অথচ ঋণ বেড়েছে মাত্র ১ দশমিক ৬ শতাংশ।

ছয় ব্যাংকের সম্মিলিত মূলধনঘাটতি ১ লাখ ১৭ হাজার ৫৫৬ কোটি টাকা। এর মধ্যে শুধু জনতা ব্যাংকেরই মূলধনঘাটতি ৬৬ হাজার ৮১১ কোটি টাকা। তবে সোনালী ব্যাংকের ১ হাজার ১২৭ কোটি এবং বিডিবিএলের ৪১৮ কোটি টাকা মূলধন উদ্বৃত্ত রয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বলেছে, মূলধনঘাটতি পূরণই একমাত্র সমাধান নয়। অতীতে ঋণ বিতরণে যেসব দুর্বলতা ও অনিয়মের কারণে খেলাপি ঋণ বেড়েছে, সেগুলো দূর না হলে নতুন করে মূলধন জোগান দিয়েও তেমন লাভ হবে না। কারণ, ব্যাংককে যেহেতু আমানতের বিপরীতে সুদ দিতে হয়, সেহেতু আমানতের অর্থ ঋণ দিয়ে সুদ আয় করতে না পারলে মুনাফার ওপর চাপ পড়ে।

ছয় ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

পর্যালোচনা বৈঠকে জানানো হয়, গত ৩০ জুন পর্যন্ত ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা। এটি ব্যাংকগুলোর মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ। সর্বোচ্চ ৬৯ দশমিক ৯৭ শতাংশ খেলাপি ঋণ নিয়ে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে জনতা ব্যাংক।

ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণের ৫৯ দশমিক ৮ শতাংশ আটকে আছে প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছে। ছয় ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি হিসেবে ১২০ জনের কাছে আটকে থাকা ঋণের পরিমাণ ৯১ হাজার ১৬৫ কোটি টাকা। এর মধ্যে জনতা ব্যাংকের মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশই আটকে আছে শীর্ষ ২০ খেলাপির কাছে।

ঋণ আদায়ের পরিস্থিতিও সন্তোষজনক নয়। বৈঠকে জানানো হয়, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে খেলাপি ঋণ থেকে নগদ আদায় হয়েছে ২ হাজার ১৫৬ কোটি ৮০ লাখ টাকা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ। একই সময়ে অবলোপন করা ঋণ থেকে আদায় হয়েছে ১৭১ কোটি ১৫ লাখ টাকা, যা লক্ষ্যমাত্রার ২৯ দশমিক শতাংশ।

ব্যাংকাররা বলছেন, একদিকে খেলাপি ঋণ আদায়, মূলধনঘাটতি পূরণ ও আর্থিক ভিত্তি শক্তিশালী করতে হবে। অন্যদিকে ঋণ বিতরণে গতি ফিরিয়ে উৎপাদনশীল খাতে অর্থায়ন বাড়াতে হবে। পাশাপাশি ঋণ ব্যবস্থাপনায় জবাবদিহি নিশ্চিত করাও জরুরি। নইলে আমানত বাড়লেও অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টির প্রত্যাশিত গতি আসবে না।

Banner
Side banner
Side banner