জনগণের ভালোবাসা নিয়ে বিএনপি সব অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, পলাতক স্বৈরাচার ও নিষিদ্ধ ঘোষিত দল পুরোনো কায়দায় কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। তবে জনগণ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।
আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের জনসভা সফল করার লক্ষ্যে মঙ্গলবার, ২৪ নভেম্বর বেলা ২টার দিকে জনসভাস্থল শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী বলেন, ‘কারা আগুন সন্ত্রাস করছে, কারা সংসদ সদস্যের বাড়িতে আগুন দিচ্ছে, কারা মানুষকে ছুরিকাঘাত করছে, কারা লাশের রাজনীতি করে ইতিহাসই তা বলে দেয়। হাসপাতাল, ধর্মীয় প্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ইতিহাস ওই নিষিদ্ধ ঘোষিত দলের। তারা ১৯৭২ সাল থেকেই এ কাজে সিদ্ধহস্ত।’
বিগত দিনের সহিংসতার চিত্র তুলে ধরে জাহিদ হোসেন বলেন, ‘জুলাইয়ের গণঅভ্যুত্থানে মানুষের ওপর নির্মমভাবে গুলি চালিয়ে এক হাজার ৪০০ জনকে হত্যা করা হয়েছে। ৩০ হাজারের বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন। এ ছাড়া ১৭ বছরের গণতন্ত্রের লড়াইয়ে হাজার হাজার নেতাকর্মী গুম হয়েছেন। এসবের প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপ নেই, মানুষের প্রতিও কোনো দরদ নেই।
‘ভারতের সিগন্যাল ছাড়া পেট্রাপোলে আ.লীগ নেতারা বৈঠক করে কীভাবে’
বর্তমান পরিস্থিতি ও বিরোধী পক্ষের কর্মকাণ্ডের সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘তারা আবারও পুরোনো কায়দায় গায়ের জোরে কর্তৃত্ববাদী শাসনব্যবস্থা ও নিজেদের মতামত মানুষের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ রুখে দাঁড়িয়েছে।’
বিএনপির রাজনৈতিক আদর্শ তুলে ধরে তিনি আরও বলেন, ‘বিএনপির ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, দলটি সব সময় জনগণের পাশে থেকেছে। বিএনপি কখনোই জনগণের প্রতিপক্ষ হয়ে রাজনীতি করেনি এবং পলাতক স্বৈরাচারিণীর মতো লাশের রাজনীতিতেও বিশ্বাস করে না। জনগণের ভালোবাসা নিয়েই বিএনপি সব অন্যায়, অবিচার ও দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে।’
জনসভাস্থল পরিদর্শন ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, জেলা প্রশাসক তৌহিদ বিন হাসান, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্যসচিব জাকির হোসেন সরকারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।



























আপনার মতামত লিখুন :