যথাযোগ্য শ্রদ্ধা ও ভালোবাসায় যশোরে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ সিপাহি মোহাম্মদ উল্লাহ বীর বিক্রমের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ১৯ নভেম্বর আসরের নামাজের পর যশোর সদর উপজেলার সতীঘাটা কামালপুর গ্রামের বাইতুল আকসা জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি উপস্থিত মুসল্লিরা তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ১৯ নভেম্বর মাগুরার মোহাম্মদপুর থানায় সম্মুখযুদ্ধে শহীদ হন সিপাহি মোহাম্মদ উল্লাহ। মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্ব ও অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাঁকে ‘বীর বিক্রম’ খেতাবে ভূষিত করে। তাঁর স্মৃতি সংরক্ষণে খুলনায় বিজিবি সেক্টর কমান্ডের একটি গেট তাঁর নামে নামকরণ করা হয়েছে। শাহাদাতবার্ষিকী উপলক্ষে শহীদের পরিবারের উদ্যোগে কোরআন তেলাওয়াত, দোয়া ও তাবারক বিতরণের আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল আকসা জামে মসজিদের ইমাম মুফতি মোস্তাফিজুর রহমান।
এ সময় শহীদ সিপাহি মোহাম্মদ উল্লাহর বড় ছেলে শহিদুল ইসলাম (খোকা) বলেন, তাঁর বাবার শাহাদাতবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালনের পাশাপাশি বিভিন্ন স্থাপনা তাঁর নামে নামকরণের দাবি জানিয়ে আসছেন তাঁরা। এ ছাড়া মেইন রোড থেকে শহীদের বাড়ির সামনে দিয়ে যাওয়া সড়কটি পাকা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। দোয়া মাহফিলে শহীদ সিপাহি মোহাম্মদ উল্লাহ বীর বিক্রমের আত্মত্যাগ গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করা হয়। মহান মুক্তিযুদ্ধে দেশের স্বাধীনতার জন্য তাঁর অসামান্য অবদান আগামী প্রজন্মের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।


























আপনার মতামত লিখুন :