মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ায় অন্তত ১০ জন আহত হয়েছেন। গতকাল রোববার (২৬ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
(দৈনিক আলোকিত বাংলা Apps এখন গুগল-প্লে স্টোরে)
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে, উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিকাকে সমর্থন দেওয়া হয়। এ নিয়ে রোববার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীরা বৈঠক করেন। এরপর তাহমিনা সিদ্দিকার অনুসারীরা কালকিনি শহরে একটি মিছিল বের করেন। মিছিলে থাকা এনায়েত নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সরদারের ওপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। এর পরিপ্রেক্ষিতে তাহমিনার সমর্থকরা পাল্টা ধাওয়া দেয়। এ সময় অন্তত ১০ জন আহত হন। ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আব্দুস সোবহান গোলাপের কর্মী লোকমান সরদার বলেন, মাদারীপুর-৩ আসনে আব্দুস সোবহান গোলাপকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় আমরা কালকিনিতে আনন্দ মিছিল করলে এতে বাধা দেয় দলের আরেকটি অংশ। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি তাহমিনা সিদ্দিকা বলেন, আমার সমর্থক সালাম সরদারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করায় উত্তেজনার সৃষ্টি হয়। এ হামলায় আমার পাঁচ-ছয় জন নেতাকর্মী আহত হয়েছেন। আমরা আব্দুস সোবহান গোলাপের নেতাকর্মীদের জন্য মিছিল করতে পারছি না।
তবে এ ব্যাপারে জানতে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।এদিকে কালকিনি থানার ওসি নাজমুল হাসান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।




































আপনার মতামত লিখুন :