Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

নোয়াখালীতে প্রবাসীকে জিম্মি করে নেয়া চাঁদা উদ্ধার করলো পুলিশ


FavIcon
নোয়াখালী প্রতিবেদক:
প্রকাশিত: জুন ৫, ২০২৪, ১২:৫৭ পিএম
নোয়াখালীতে প্রবাসীকে জিম্মি করে নেয়া চাঁদা উদ্ধার করলো পুলিশ
নোয়াখালীতে প্রবাসীকে জিম্মি করে নেয়া চাঁদা উদ্ধার করলো পুলিশ

নোয়াখালীর কবিরহাটে শাহাদাত হোসেন (৩৫) নামে সৌদি আরব ফেরত এক যুবককে জিম্মি করে ২০ হাজার টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েক চিহ্নিত বখাটেদের বিরুদ্ধে।

অভিযোগ পেয়ে প্রবাসী পরিবারের কাছ থেকে আদায়কৃত চাঁদার ২০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ। তবে এ বিষয়ে আসামি গ্রেফতার বা মামলা রুজু না হওয়ায় ধরা-ছোয়ার বাইরে অভিযুক্ত চাঁদাবাজরা। এদিকে অজানা আতঙ্কে মামলা না করেও ভীত সন্ত্রস্ত অবস্হায় রয়েছে সৌদি প্রবাসীর পরিবার।

শুক্রবার (৩১ মে) রাতে বাটইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শ্রীনদ্দি গ্রামের নাসিরের টেক এলাকায় এ ঘটনা ঘটে। প্রবাসী শাহাদাত হোসেন ওই এলাকার রবিউল হোসেনের ছেলে।

মঙ্গলবার (৪ জুন) কথা হয় ভুক্তভোগী প্রবাসী শাহাদাত হোসেনের সাথে। তিনি বলেন, দু’সপ্তাহ আগে সৌদি আরব থেকে ছুটিতে দেশে আসি। গত শুক্রবার (৩১ মে) রাত ৯টার দিকে এলাকার ওমর ফারুক (২৫), শিপন (২৪), সুজন সোলায়মান (২৫) ও সুমন (২৩) আমাকে ধরে স্থানীয় কাকনের পরিত্যক্ত বাড়িতে নিয়ে মারধর করতে থাকে।

এ সময় তারা প্রাণে বাঁচতে চাইলে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। নিরুপায় হয়ে ছেলের চিকিৎসার জন্য ঘরে রাখা ২০ হাজার টাকা তাদের দিয়ে প্রাণে রক্ষা পাই। পরে আরও ৩০ হাজার টাকার জন্য চাপ দিলে পুলিশের কাছে থানায় অভিযোগ করি। এখন তারা নানাভাবে অনবরত হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে ।

জানতে চাইলে অভিযুক্ত কাকন বলে, শাহাদাত বিদেশে থাকতে "বঙ্গবন্ধু"র একটি পোস্টে খারাপ মন্তব্য করে। এখন সে দেশে আসার পর ঘটনার বিষয়টি আমি শুনেছি। আমাদের নতুন বাড়ির নির্মাণাধীন পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটেছে। এখন স্থানীয়ভাবে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কাজী তবারক হোসেন  বলেন, প্রবাসীর কাছ থেকে চাঁদা আদায়ের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। পুলিশ অভিযান চালিয়ে চাঁদা নেয়া সেই ২০ হাজার টাকা উদ্ধার করেছে। ভিকটিম প্রবাসী শাহাদাত মামলা করতে সম্মত না হওয়ায় এবং বিষয়টি স্হানীয়ভাবে মিমাংসা করা হবে বলায়, অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিকজন জানিয়েছেন, বাটইয়া ইউনিয়নের প্রভাবশালী জনপ্রতিনিধি হস্তক্ষেপ করায় ভিকটিম মামলা দায়ের করেনি এবং পুলিশও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অভিযুক্তদের গ্রেফতার করেনি।

নোয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, এসব বিষয়ে কোনো ছাড় দেয়া হবে না। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner