নীলফামারীতে মজুরি বৃদ্ধির দাবিতে ট্রাক থেকে সার খালাস সাময়িক সময়ের জন্য বন্ধ রাখেন শ্রমিকরা। এই পরিস্থিতিতে গুদামের সামনের (নীলফামারী-ডোমার) সড়কে শনিবার (২৯ জুন) ট্রাকের সারি দীর্ঘ হয়েছে। এতে ট্রাক চালকদের ভোগান্তি বাড়ার পাশপাশি রাস্তায় যান চলাচলে সমস্যা হয়। পরে গুদাম কতৃপক্ষের অনুরোধে শনিবার তিনটা থেকে আনলোডের কাজ শুরু হয়।
শ্রমিকদের অভিযোগ, গুদামের কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রতিবস্তা লোড ও আনলোড করার জন্য মজুরি প্রদান করা হয় তিন টাকা করে। দ্রুব্যমূল্য বৃদ্ধি হলেও মজুরির কোন পরিবর্তন ঘটেনি। এসব বিষয়ে একাধিকবার ঠিকাদারী প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়ে কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা।পরে গুদাম কর্তৃপক্ষের অনুরোধে শনিবার বেলা তিনটা থেকে আনলোডের কাজ শুরু হয়।
শ্রমিকদের সর্দার সায়েদ আলম বলেন, প্রতি বস্তা তিন টাকা দরে সারাদিন কাজ করে শ্রমিকদের মাত্র দুই থেকে তিনশত টাকা আয় হয়। এ আয়ে সংসার চলে না। আমরা বহুদিন ধরে দর বাড়ানোর জন্য তাগিদ দিয়ে আসছি।কিন্তু কেউ আমাদের কথা শুনছে না। বাধ্য হয়ে শনিবার সকলে সব শ্রমিক কাজ বন্ধ করে দেয়।
তিনি আরো বলেন, গুদাম কর্তৃপক্ষের অনুরোধে বিকাল তিনটার দিকে আনলোডের কাজ শুরু করি। গত শুক্রবার ছুটির দিন হওয়ায় কাজ বন্ধ ছিল। এতে করে অনেক ট্রাক আনলোডের অপেক্ষায় রয়েছে।
এদিকে শ্রমিকদের কর্মবিরতির ফলে বিপাকে পড়েছেন দূর-দূরান্ত থেকে সার নিয়ে আসা ট্রাক চালকরা। যশোরের নওয়াপাড়া এবং নগরবাড়ি থেকে সার নিয়ে এসে তা খালাসের জন্য অনেকেই গত তিনদিন ধরে অপেক্ষায় রয়েছেন।
নওয়াপাড়া থেকে আসা ট্রাক চালকেরা বলেন, সার নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় নীলফামারীতে এসে পৌঁছি। শুক্রবার ছুটির কারণে কাজ করেনি লেবার। এরপর শনিবার মজুরি বৃদ্ধি দাবি করে সকাল থেকে কাজ বন্ধ রাখেন তারা। এমন সমস্যায় প্রায় তিন দিন ধরে ভেতরে ঢুকতে না পেরে রাস্তায় দাঁড়িয়ে আছি আমরা।
তাঁরা আরো বলেন, সময়মত খালাস না হওয়ায় প্রতিদিন হেলপারসহ দুইজন মানুষের খাওয়া খরচ হচ্ছে এক হাজার টাকার সমান। এ টাকা মালিক দিবেন না। নিজের পকেট থেকে খরচ করছি। আসার সঙ্গে সঙ্গে খালাস হলে অতিরিক্ত খরচ হতো না। এ ছাড়া অন্য ভাড়ার যে আয় হতো এখানে বসে থেকে সেটিও হারাচ্ছি। বসে থেকে যে টাকা খরচ করছি সেটি মহাজনের কাছে দেনা হয়ে থাকবে।
তারা আরও বলেন, আমরা নওয়াপাড়া থেকে দেশের বিভিন্ন বাফার গুদামে সার পরিবহন করি। এর আগেও নীলফামারীতে এসেছি। কিন্তু এবার এসে বিপদে পড়লাম।
এ বিষয়ে কথা বলার জন্য লোডিং-আনলোডিং ঠিকাদার আনছার আলী বলেন, লেবাররা প্রতিবস্তা আনলোডিং দুইটাকা এবং লোডিং এক টাকা করে মজুরি পায়। এই মজুরিতে তারা কাজ করে আসছে। এ বিষয়ে তারা আমার সঙ্গে কখনো কোন কথা বলেনি। শুকবার ছুটি থাকায় কাজ বন্ধ ছিল। শনিবার সকালে হঠাৎ করে শুনি তারা কাজ বন্ধ করেছে। আমি দূরে থাকায় ফোনে বলেছি কোন কথা থাকলে আমরা বসে সমাধান করবো, আপনারা কাজ চালিয়ে যান। এরপর দুপুর দেড়টার দিকে কাজ শুরু করেছে তারা। এখন কোন সমস্যা নাই, আনলোডের কাজ দ্রুত শেষ হবে।
এ বিষয়ে নীলফামারী বাফার গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাদেমুল ইসলাম বলেন, তারা (শ্রমিক) কাজ করেন ঠিকাদারের অধীনে।ঠিকাদারদের বাড়ি দূরে হওয়ায় লেবার সর্দার শ্রমিকদের কাছে কিছু তথ্য গোপন রেখে ফায়দা নেয়। এজন্য লেবার, সর্দার ও শ্রমিকদের মধ্যে দ্বন্দ বাধে।বিষয়টি কথা বলে কাজ সচল রাখা হয়েছে।































আপনার মতামত লিখুন :