মাত্র ১৩৫ দিনে (৪ মাস ১৫ দিন) সম্পূর্ণ কুরআন হিফজ করে নজির সৃষ্টি করেছে ১০ বছরের শিশু ফজলে রাব্বুল। ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের এই কিশোর বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভাইরাল শিশু হাফেজ’ নামে পরিচিতি পেয়েছে।
শিশুটির বাবা মোহাম্মদ ফরিদ মিয়ার স্বপ্ন ছিল সন্তানকে হাফেজ বানানোর। সেই স্বপ্ন পূরণে তিনি ও তার স্ত্রী পারভীন বেগম তাদের সন্তান ফজলে রাব্বুলকে ভর্তি করান নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের হযরত শাহজালাল (রহ.) দারুস সুন্নাহ হাফিজিয়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসায়। সেখানে ভর্তি হওয়ার পর মাত্র চার মাস ১৫ দিনের মধ্যেই পুরো ৩০ পারা কুরআন মুখস্থ করে হাফেজ হন ফজলে রাব্বুল।
এ অর্জনে আনন্দিত তার পরিবার, শিক্ষক, সহপাঠী এবং এলাকাবাসী। শিশুটির এমন সাফল্যে মাদ্রাসায় এবং সামাজিক মাধ্যমে চলছে প্রশংসার বন্যা। মাদ্রাসার প্রধান মুহতামিম হাফেজ ক্বারী জাকারিয়া আহমদ জাকির বলেন, ফজলে রাব্বুল অত্যন্ত মেধাবী, মনোযোগী ও পরিশ্রমী। তার এই গুণাবলি বজায় থাকলে ভবিষ্যতে সে একজন যুগসেরা আলেম হয়ে উঠতে পারবে।
ফজলে রাব্বুলের এই অসামান্য কীর্তিতে খুশি হয়ে নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন তাকে ব্যক্তিগত উদ্যোগে পুরষ্কৃত করেন। পাশাপাশি তিনি শিশুটিকে উৎসাহ ও দিকনির্দেশনা দিয়ে পাশে থাকার অঙ্গীকার করেন।
নিজেকে ভবিষ্যতে একজন বড় আলেম হিসেবে দেখতে চায় ফজলে রাব্বুল। সে জানায়, শিক্ষকদের স্নেহ আর দিকনির্দেশনায় এত অল্প সময়ে হাফেজ হতে পেরেছি। দেশবাসীর কাছে দোয়া চাই, যেন বড় আলেম হতে পারি।






































আপনার মতামত লিখুন :