Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
banner

মিরপুর উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমানের বিরুদ্ধে সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি গোপন করার অভিযোগ


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৬, ১০:১২ এএম
মিরপুর উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমানের বিরুদ্ধে সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি গোপন করার অভিযোগ
মিরপুর উপজেলা কৃষি অফিসার মতিয়ার রহমান ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় নতুন সার ডিলার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ না করে গোপন রাখার অভিযোগ উঠেছে উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়ার রহমানের বিরুদ্ধে। রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সার ডিলার নিয়োগের এই বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্বের ঘটনায় স্থানীয় সার ব্যবসায়ী ও কৃষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং-সংক্রান্ত সমন্বিত নীতিমালার আওতায় কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গত ১ সেপ্টেম্বর মিরপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভাসহ জেলার ছয় উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় নতুন করে একজন করে সার ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির জন্য কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শতকত হোসেন ভূইয়া স্মারক নং-২৫/৯১, তারিখ ২৭ আগস্ট ২০২৬-এর মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি কর্মকর্তার কাছে পাঠিয়েছেন বলে জানা গেছে।

তবে মিরপুর উপজেলায় ওই নিয়োগ বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ফলে সরকারি নির্দেশনা থাকা সত্ত্বেও বিজ্ঞপ্তি প্রকাশে এমন গড়িমসি কেন এ নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সার ব্যবসায়ীদের অভিযোগ, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্বের সুযোগ নিয়ে কেউ অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।

বিশেষ করে কৃষি মৌসুমে সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থায় স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়োগ প্রক্রিয়া যথাসময়ে ও প্রকাশ্যভাবে সম্পন্ন না হলে কাঙ্ক্ষিত প্রতিযোগিতা ও জবাবদিহি ব্যাহত হওয়ার পাশাপাশি প্রকৃত যোগ্য ব্যবসায়ীরা সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন এমন আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় কৃষকদের ভাষ্য, সার সংকট, কালোবাজারি ও কৃত্রিম সংকট ঠেকাতে সরকারি ব্যবস্থাপনায় পর্যাপ্ত ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করা জরুরি। এ অবস্থায় নতুন ডিলার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি প্রকাশে বিলম্ব হলে মাঠপর্যায়ে সার বিতরণ ব্যবস্থার স্বচ্ছতা ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন তৈরি হওয়া স্বাভাবিক।

এ বিষয়ে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহিন খসরু ও উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়দের দাবি, সার ডিলার নিয়োগের সরকারি বিজ্ঞপ্তি কেন প্রকাশ করা হয়নি, কার নির্দেশে বা কী কারণে বিলম্ব হচ্ছে এবং এর পেছনে কোনো অনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা রয়েছে কিনা তা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত তদন্ত করা হোক। একই সঙ্গে সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

সংশ্লিষ্টদের মতে, কৃষকের স্বার্থে সার সরবরাহ ব্যবস্থায় সামান্য অনিয়মও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাই বিষয়টি কেবল একজন ডিলার নিয়োগের প্রশাসনিক প্রক্রিয়া নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কৃষকের উৎপাদন, বাজারে সারের ন্যায্য সরবরাহ এবং সরকারি ব্যবস্থাপনার প্রতি জনগণের আস্থা। ইতিপূর্বে মিরপুর উপজেলা কৃষি  অফিসার ছিলেন মামুন। তিনি নানা রকম অনিয়ম দূর্নীতি করে আলোচিত সমালোচিত হন। এরপর যোগদান করেন মতিয়ার রহমান। তিনিও ঠিক একই লাইনে হাঁটছেন বলে অভিযোগ। 

 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner