নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে গৃহবধূ সীমা (২৮) হত্যার বিচারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করেছে।
শনিবার (২৯ অক্টোবর) বিকেলে ডিসির মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সীমার বাবা রফিকুল ইসলাম তার বাড়ি গাড়াগ্রামের পশ্চিম দলিরামে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে রফিকুল ইসলাম ও তার স্ত্রী শিউলি বেগম কান্নাজড়িত কণ্ঠে দাবি করেন, রণচণ্ডি ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের আব্দুল হক ওরফে পেন্দরার ছেলে মো: আবু হানিফ (৩২) তার জামাতা। তিনি প্রায় যৌতুকের জন্য মেয়েকে মারপিটসহ নানা ধরনের নির্যাতন করতেন। এসব বিষয় নিয়ে জামাতার বাড়িতে কয়েক দফা সালিশের আয়োজন করা হয়। ৪ অক্টোবর ২০২২ তারিখে রাতে একই ঘটনার পুনরাবৃত্তি করে জামাতা হানিফ ও তার পরিবারের লোকজন। ওইদিন তার মেয়ের শারীরিক অবস্থা বেগতিক হলে তারা চিকিৎসার কথা বলে মুখে বিষ ঢেলে দেন। পরদিন ৫ অক্টোবর সকালে সংবাদ পেয়ে মেয়েকে মুমূর্ষু অবস্থায় কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে বিকেলে তার মৃত্যু হয়।
তিনি জানান, রংপুর কোতয়ালী থানায় ওই দিনই একটি ইউডি মামলা হয়।
এদিকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যকালে সীমার বাবা-মা দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি সুষ্ঠু বিচারের দাবিতে ছয়জনকে আসামি করে কিশোরগঞ্জ থানায় এজাহার করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজিব কুমার রায়ের কাছে গিয়েছিলেন। ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেয়া যাবে না বলে তাদের জানানো হয়।
কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব কুমার রায়ের সাথে কথা হলে তিনি বলেন, এ ঘটনায় ইউডি মামলা হয়েছে ।ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কোনো কিছুই বলা যাচ্ছে না।































আপনার মতামত লিখুন :