Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩
banner

তরমুজের চাঁদা চাওয়ায় ছাত্রলীগ নেতাকে গণপিটুনির অভিযোগ


FavIcon
আলোকিত বাংলা,প্রতিবেদক:
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৩, ০৯:০২ পিএম
তরমুজের চাঁদা চাওয়ায় ছাত্রলীগ নেতাকে গণপিটুনির অভিযোগ
তরমুজের চাঁদা চাওয়ায় ছাত্রলীগ নেতাকে গণপিটুনির অভিযোগ

বরগুনার আমতলীতে চাঁদাবাজি করতে গিয়ে গণপিটুনির শিকার হয়েছেন সবুজ মালাকার  (৩০) নামে এক ছাত্রলীগ নেতা। এ সময় সবুজের সহযোগীদের পাল্টা হামলায় আরও ৩ জন আহত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা হয়। গণপিটুনির শিকার সবুজ মালাকার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
জানা গেছে, ছাত্রলীগ নেতা সবুজ উপজেলার বিভিন্ন এলাকায় তরমুজ চাষি এবং ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতো। চাঁদাবাজিতে অতিষ্ট হয়ে এলাকাবাসী ও চাষিরা সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গণপিটুনি দেয়। এ সময় সবুজের সহযোগীরা পাল্টা হামলা করে। এতে সাবেক জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আরিফুল হাসান আরিফ (৩৮), রাকিবুল ইসলাম (১৮), শাহিন (৩৫) ও শাহেদ আবদুল্লাহ আরিফ (২৫) নামে ৩ জন আহত হয়। গণপিটুনির শিকার ছাত্রলীগ নেতা সবুজ মালাকারকে তার সহযোগীরা উদ্ধার করে প্রথমে আমতলী হাসপাতাল ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। অন্যদের আমতলী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অভিযুক্ত সবুজ মালাকার বলেন, কর্মীদের নিয়ে হলদিয়া বাজারের আওয়ামী লীগ অফিসে আড্ডা দেওয়ার সময় অ্যাডভোকেট আরিফের লোকজন পূর্বশক্রতার জেরে হামলা করেছে।

অ্যাডভোকেট আরিফ বলেন, সবুজ ম্যালাকার ১০-১২ জন সন্ত্রাসী নিয়ে হলদিয়া ইউনিয়নের তরমুজ চাষিদের থেকে চাঁদা আদায় করতো। চাষিরা ক্ষিপ্ত হয়ে গণপিটুনি দিয়েছে। বাড়ি যাওয়ার সময় জটলা দেখে দাঁড়ালে সবুজ ও তার সহযোগীরা আমার ওপর হামলা করে। এতে আমার হাত ভেঙে গেছে।

হলদিয়া গ্রামের তরমুজ চাষি বাসুদেব শীল বলেন, সবুজ ম্যালাকার ২ লাখ টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে বাড়ি ছাড়ার হুমকি দিয়েছে।

তরমুজ চাষি আলামিন শরীফ ও এখলাশ প্যাদা বলেন, সবুজ জোরপূর্বক ৫ হাজার টাকা করে চাঁদা নিয়েছে।

হলদিয়া গ্রামের আরেক তরমুজ চাষি খালেক মোল্লা বলেন, সবুজ তার নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। টাকা না দিলে তরমুজ বিক্রি করতে দেবে না বলে হুমকি দেয়।

আমতলী থানার ওসি একেএম মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ছাত্রলীগ নেতা সবুজ ম্যালাকারের বিরুদ্ধে চাঁদাবাজি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।
 

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner