দৌলতদিয়া ঘাট যৌনপল্লীতে নারী পাচারের সময় দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় এক নারীকে উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৮ জুন) দুপুর ২টার দিকে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার।
গ্রেফতাররা হলেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার মাধুখোলা গ্রামের শামীম হাসান জয় (১৯) ও একই এলাকার রায়হান (১৯)।
থানা পুলিশ ও উদ্ধার হওয়া নারীর পারিবারিক সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ওই নারী গাজীপুর একটি গার্মেন্টসে কাজ করেন। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে শামীম হাসান জয় গত বুধবার (৭ জুন) ওই নারীকে ফুঁসলিয়ে এনে গোয়ালন্দ উপজেলা দৌলতদিয়া যৌনপল্লীতে বিক্রির চেষ্টা করে। বুধবার সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেলস্টশন এলাকায় ওই নারীকে যৌনপল্লীতে বিক্রির উদ্দেশে দরদাম করতে গেলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় স্থানীয়রা তাদের চার্জ করলে তারা দৌঁড়ে পালাতে চেষ্টা করে। তখন জনতা ধরে তাদের মারপিট করে। পরে গোয়ালন্দ ঘাট থানা পুলিশে খবর দিলে দ্রুত ঘটনাস্থল থেকে ওই নারীকে উদ্ধার করা হয়। একইসাথে দুই মানব পাচারকারীকেও গ্রেপ্তার করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, গ্রেফতারদের বৃহস্পতিবার রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আর উদ্ধার হওয়া নারীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।































আপনার মতামত লিখুন :