উন্নত চিকিৎসার জন্য কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারকে সোমবার (১১ মে) বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হবে, বলে জানিয়েছেন তার বাবা, সাবেক জাতীয় ফুটবলার কায়সার হামিদ। বর্তমানে কারিনা লিভার জটিলতায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে ভর্তি রয়েছেন।
সংবাদমাধ্যমকে কায়সার হামিদ জানান, ভিসা পাওয়ার পর চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তবে এয়ার অ্যাম্বুলেন্স ও চিকিৎসা ব্যয় বহন করা পরিবারের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।
তিনি বলেন, প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পরিবারের ফিক্সড ডিপোজিট ভাঙা এবং জমি বিক্রির উদ্যোগ নিতে হচ্ছে। একই সঙ্গে মেয়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
কারিনা কায়সারের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তিনি জানান, এখনো বড় ধরনের উন্নতি হয়নি। তবে চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী তার রক্তচাপ নিয়ন্ত্রণে রয়েছে।
পরিবার সূত্রে জানা গেছে, লিভার ফেইলিউরের কারণে বর্তমানে লাইফ সাপোর্টে আছেন কারিনা। তার শরীরে সংক্রমণ ছিল। আগে থেকেই ফ্যাটি লিভারের সমস্যা থাকলেও পরে হেপাটাইটিস এ শনাক্ত হয়।
কয়েক দিন আগে থেকে তার শারীরিক অবস্থার অবনতি শুরু হয়। প্রথমে সাধারণ অসুস্থতা মনে হলেও দ্রুত জটিলতা বাড়তে থাকে। একপর্যায়ে লিভার ফেইলিউর দেখা দিলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
হাস্যরসাত্মক কনটেন্ট তৈরি করে অল্প সময়েই সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে ওঠেন কারিনা কায়সার। পরে অভিনয় ও চিত্রনাট্যকার হিসেবেও পরিচিতি পান। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ এবং ৩৬-২৪-৩৬।

































আপনার মতামত লিখুন :