Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৭ জুন, ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
banner

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট


FavIcon
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: জুন ৭, ২০২৬, ০৩:৫৪ পিএম
উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট
উত্তাপহীন বিসিবি নির্বাচন।

চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। রোববার (৭ জুন) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সকাল ১০টার দিকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। শুরু থেকেই উত্তাপহীন ছিল বিসিবির এই নির্বাচন। ভোট শুরুর ৩৫ মিনিট পর পড়ে প্রথম ভোট।

ভোটগ্রহণ উপলক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি দেখা গেছে স্টেডিয়াম এলাকায়। পাশাপাশি সীমিত চলাচল রয়েছে সেখানে। এদিকে, সকাল থেকে কাউন্সিলর ও বোর্ডের পরিচালক পদপ্রার্থীরা মিরপুরে আসতে শুরু করেন। দূর-দূরান্ত থেকে এসেছেন এসব জেলা-বিভাগের প্রতিনিধিরা।

বিসিবি নির্বাচনে এবার ক্লাব ক্যাটাগরির লড়াই ঘিরেই মূল আলোচনা চলছে। এখন পর্যন্ত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। এর মধ্যে ৭ জন আঞ্চলিক ও জেলা ক্রীড়া সংস্থা প্রতিনিধিত্বকারী ক্যাটাগরি-১ থেকে এবং একজন ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন। এই ক্যাটাগরিতে সাবেক ক্রিকেটার, অধিনায়ক, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন সংস্থার প্রতিনিধি অন্তর্ভুক্ত।

তবে ভোটের আসল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে ক্যাটাগরি-২ বা ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের জন্য লড়ছেন ১৬ জন প্রার্থী। এই ক্যাটাগরিতেই প্রতিদ্বন্দ্বিতা করছেন তামিম ইকবাল। তার পাশাপাশি রয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিনিধি ফাহিম সিনহাসহ আরও কয়েকজন আলোচিত প্রার্থী।

এ দিকে নির্বাচনে ৪১ জন ভোটার ই-ভোটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য ব্যালট সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন ভোটার রয়েছেন।

Banner
Side banner
Side banner