Swadesh Chitro
  • ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
banner

শিবপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা


FavIcon
নরসিংদী,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ৯, ২০২৩, ০৫:০৮ পিএম
শিবপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
শিবপুরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

নরসিংদীর শিবপুরে তুচ্ছ ঘটনার জেরে নাহিদ মিয়া (২০) নামের এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৯ জুলাই) দুপুরে শিবপর উপজেলার সাধারচর ইউনিয়ন পরিষদ-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নাহিদ মিয়া উপজেলার তাতারকান্দী গ্রামের আসাদ মিয়ার ছেলে এবং হরিহরদী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে এক বিষয়ে ফেল করেন নাহিদ। ওই বিষয়ে আবার পরীক্ষা দিতে ফরম ফিলাপের জন্য রোববার সকালে কলেজে যান তিনি। কলেজ থেকে ফেরার পথে স্থানীয় দেলোয়ার, সাইফুল, শান্ত, তৌকির, শাওন, নাজমুলসহ আরো কয়েকজন তাকে ধাওয়া করেন। একপর্যায়ে তারা তাকে দেশীয় অস্ত্র (চাপাতি) নিয়ে এলোপাতারি কুপিয়ে জখম করেন এবং পাশের ডোবার পানিতে চুবিয়ে রাখেন। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তার স্বজনেরা তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছে, তিন মাস আগে খেলাধুলা নিয়ে একটা বিরোধ সৃষ্টি হলে তা মীমাংসা করেছিলেন নাহিদ। কিন্তু প্রতিপক্ষ ওই বিষয়টি মেনে নিতে পারছিল না। ওই ঘটনাকে কেন্দ্র করে নাহিদের সাথে হামলাকারীদের শত্রুতা ছিল। পূর্ব শত্রুতার জেরেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে।

অভিযুক্তরা এলাকায় কিশোর গ্যাং ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার পাশাপাশি স্থানীয় বাজার থেকে চাঁদা আদায় করে বলে অভিযোগ করেছে নিহত নাহিদের পরিবার।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খেলাধুলা নিয়ে পূর্ব শত্রুতার জেরে নাহিদকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রস্তুতি চলছে।

 

Banner
Side banner
Side banner