Swadesh Chitro
  • ঢাকা শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
banner

গ্রিল কেটে বাড়িতে ডাকাতি


FavIcon
জয়পুরহাট,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০৯:০৯ পিএম
গ্রিল কেটে বাড়িতে ডাকাতি
গ্রিল কেটে বাড়িতে ডাকাতি

জয়পুরহাটের কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লায় পিছন দিকে নিচতলায় গ্রিল কেটে বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাড়ির গৃহকর্তাসহ চারজনকে বেঁধে মারপিট করে চারটি মোবাইল, আলমারিতে থাকা নগদ টাকা ও স্বর্ণলংকার লুট করে নিয়ে যায়। শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে পৌরশহরের তালুকদারপাড়া মহল্লায় নাফসি তালুকদারের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।  

ভুক্তভোগী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওইদিন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কালাই পৌরশহরের তালুকদারপাড়া মহল্লায় পিছন দিক থেকে দ্বিতল ভবনের নিচতলায় গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে ডাকাত দল। এ সময় ডাকাতরা নিচতলা থেকে দ্বিতীয়তলায় প্রবেশ করে প্রথমে গৃহকর্তাসহ পরিবারের চারজনের হাত-পা ও চোখ বেঁধে মারপিট করে। এরপর তারা ঘরের মধ্যে আলমারির ড্রয়ার থেকে শুরু করে সকল আসবাবপত্র তছনছ করে কাপড় ও কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে ফেলে মোবাইল, টাকা ও স্বর্ণলংকার লুট করে পালিয়ে যায়। পরে গৃহকর্তা ও অন্য সদস্যরা চিৎকার করলে প্রতিবেশীরা এসে তাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেয়।   

গৃহকর্তা নাফসি তালুকদার বলেন, কখন যে ডাকাতরা বাড়িতে প্রবেশ করেছে তা একটুও টের পাইনি। ডাকাতরা ৭/৮ জন ছিল, তাদের সবার হাতে চাপাতি ও লোহার রড ছিল। কিছু বলার আগেই তারা আমাকেসহ স্ত্রী ও সন্তানদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। চিৎকার করলে সবাইকে হত্যা করবে বলে হুমকি দেয়। প্রায় ৪৫ মিনিট তারা বাড়িতে ছিল। তারা যাওয়ার পর চিৎকার করলে প্রতিবেশীরা এসে আমাদের হাত-পা ও চোখের বাঁধন খুলে দেয়। এ সময়ের মধ্যে ডাকাতরা আলমারির ড্রয়ারে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খবর পেয়ে পুলিশ রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এ ঘটনায় এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner