Swadesh Chitro
  • ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩
banner

হাত-পা কেটে সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে


FavIcon
নেত্রকোনা,প্রতিবেদক:
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৭:০১ পিএম
হাত-পা কেটে সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে
হাত-পা কেটে সাংবাদিককে এলাকা ছাড়ার হুমকির অভিযোগ আ.লীগ নেতার বিরুদ্ধে

নেত্রকোনার মদনে নিজাম উদ্দিন নামের এক সাংবাদিককে হাত-পা কেটে এলাকা ছাড়া করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সেলিম মিয়া নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সেলিম মিয়া মুঠোফোনে ওই সাংবাদিককে এই হুমকি দেন। এ সম্পর্কিত ৩ মিনিট ২১ সেকেন্ডের একটি কল রেকর্ড ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে ভুক্তভোগী নিজাম উদ্দিন জীবনের নিরাপত্তা চেয়ে মদন থানায় সাধারণ ডায়েরি করেছেন।

নিজাম তালুকদার দৈনিক আমার দেশ পত্রিকার মদন উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। তিনি মদন উপজেলা প্রেসক্লাবের প্রচার ও সাহিত্য বিষয়ক সম্পাদক। তিনি মদন উপজেলা সদরের জাহাঙ্গীরপুর সেন্টার এলাকায় বসবাস করেন। আর অভিযুক্ত সেলিম মিয়া উপজেলার চানগাঁও গ্রামের মড়লপাড়া এলাকার বাসিন্দা। তিনি মদন উপজেলা আওয়ামী লীগের সদস্য। ২০১৬ সালের ইউপি নির্বাচনে তিনি চানগাঁও ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। 

সাধারণ ডায়েরি ও ওই সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মদনে শিক্ষার্থীদের উপর হামলার অভিযোগে গত ২৩ মে মেহেদি হাসান ওরফে নবাব নামের কলেজ পড়ুয়া এক শিক্ষার্থী থানায় মামলা করেন। ওই মামলায় নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরি) আসনের সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করে ৬৮ জনের নাম উল্লেখ করা হয়। এজাহারে মাঘান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যা মিয়াকেও আসামি করা হয়। বিদ্যা মিয়ার এক ছেলে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। এ নিয়ে সাংবাদিক নিজাম উদ্দিন সংবাদ প্রকাশ করেন।

নিজামের দাবি, সংবাদের জেরে বিদ্যা মিয়ার আত্মীয় সেলিম মিয়া এতে ক্ষিপ্ত হন। গত সোমবার দুপুরে তিনি (নিজাম) মুঠোফোনে হাত-পা কেটে এলাকা ছাড়া করার হুমকি দেন। পাশাপাশি বেশি বাড়াবাড়ি না করার জন্য সতর্ক করেন।

নিজাম উদ্দিন বলেন, হুমকি দেওয়া কল রেকর্ড সংযুক্ত করে আমি গত সোমবার রাতে থানায় জিডি করেছি। বর্তমানে আমি পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। 

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুল আল শাহ বলেন, জিডির বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে সেলিম মিয়া আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর পৌনে একটার দিকে মুঠোফোনে বলেন, সাংবাদিক নিজাম উদ্দিন আমার আত্মীয় হন। ওই দিন আমি অবশ্যই রেগে গিয়ে তাকে গালমন্দ করেছি, এটা অস্বীকার করছি না। তবে তাকে হাত-পা কেটে এলাকা ছাড়া করার কথা বলিনি। বিষয়টির জন্য আমি দুঃখ প্রকাশ করছি। এটা নিজেদের মধ্যে সমাধান হয়ে যাবে।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner