Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ০৮ জুলাই, ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
banner

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন


FavIcon
শরিফ মাহমুদ,কুষ্টিয়া,প্রতিবেদক:
প্রকাশিত: জুলাই ৮, ২০২৬, ১২:৩২ পিএম
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্থানীয় দৈনিক ‘কুষ্টিয়ার খবর’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও “ দৈনিক নতুন সময়” পত্রিকার সাংবাদিক ও কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন এবং প্রকৃত খুনিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  মঙ্গলবার ৭ জুলাই   সকাল ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি পালন করা হয়।

কুষ্টিয়া প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলার সর্বস্তরের সাংবাদিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশ নেন। ‘বিচারহীনতার সংস্কৃতির অবসান হোক’ স্লোগানকে সামনে রেখে সাংবাদিক রুবেল হত্যার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক হাসিবুর রহমান রুবেল হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও এখনো এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটিত হয়নি। মূল খুনি ও পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনতে প্রশাসনের দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। দেশে সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছে, তা স্বাধীন সাংবাদিকতার পথকে রুদ্ধ করছে বলে বক্তারা উল্লেখ করেন।

দৈনিক কুষ্টিয়ার ভারপ্রাপ্ত সম্পাদক শামীম রানার সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন, দৈনিক খবরওয়ালা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মুন্সি শাহিন আহমেদ জুয়েল, ইবি থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাপ্তাহিক পথিকৃৎ এর ভারপ্রাপ্ত সম্পাদক শাহরিয়ার ইমন রুবেল, একুশে টিভির কুষ্টিয়া প্রতিনিধি মাহমুদ হাসান, আয়না টিভির কুষ্টিয়া প্রতিনিধি সোহেল পারভেজ এবং কুষ্টিয়া জেলা রিপোটার্স ক্লাবের সাবেক সহ সভাপতি সম্পাদক আশরাফ সহ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক গণমাধ্যমের স্থানীয় প্রতিনিধিরা।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত শেষ করে প্রকৃত আসামিদের গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর ও লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দেন জেলার সাংবাদিক নেতারা।

Banner
Side banner

সারাদেশ বিভাগের আরো খবর

Small Banner
Side banner