যশোর সদর উপজেলার শানতলা-চুড়ামনকাটি এলাকায় অবস্থিত এসিআই সীড প্রসেসিং সেন্টারের শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে শ্রমিকরা প্রতিষ্ঠানটির প্রধান ফটকের সামনে জড়ো হয়ে কর্মবিরতি পালন করেন। এ সময় তারা বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে দৈনিক মজুরি বৃদ্ধি এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
আন্দোলনরত শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা দৈনিক হাজিরাভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করলেও মজুরি বাড়ানো হয়নি। বর্তমানে প্রতিদিন ৯ ঘণ্টা কাজ করে মাত্র ১৭৫ টাকা পারিশ্রমিক পান, যা বর্তমান নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালানোর জন্য একেবারেই অপ্রতুল।
তাদের দাবি, বাজারে খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এই মজুরিতে পরিবার নিয়ে জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তাই তারা দ্রুত মজুরি পুনর্নির্ধারণের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। দীর্ঘ সময় প্রতিষ্ঠানটিতে আন্দোলন করে পরে কর্তৃপক্ষ তাদের দাবি না মানলে তারা বাড়িতে চলে যান।
এ বিষয়ে জানতে চাইলে এসিআই সীড প্রসেসিং সেন্টারের সিনিয়র ইনভেন্টরি অফিসার সাইদুর রহমান বলেন, তাদেরকে বেতন ১০/১৫ টাকা বারানোর আশ্বাস দেয়া হয়েছে। তারপরেও তারা নানা দাবিতে আন্দোলন করে যাচ্ছে। বিষয়টি উর্দ্বোতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একদিকে বাড়ছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম, অন্যদিকে দীর্ঘদিন ধরে একই মজুরিতে কাজ করে সংসারের ব্যয় সামলাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকরা। তাদের দাবি, শ্রমের ন্যায্য মূল্য নিশ্চিত হলে তবেই পরিবার নিয়ে স্বাভাবিকভাবে বেঁচে থাকা সম্ভব হবে। অন্যথায় তাদের কাজ করা অসম্ভাব হয়ে যাচ্ছে।



















আপনার মতামত লিখুন :