Swadesh Chitro
  • ঢাকা বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
banner

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী


FavIcon
মেহেরপুর,প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৬, ০৬:৩৪ পিএম
বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

মেহেরপুর সদর উপজেলার ইছাখালী সীমান্তে শূন্যরেখায় কাজ করার সময় বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ ঘটনার প্রতিবাদে সীমান্ত এলাকায় কর্মরত দুই ভারতীয় নাগরিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছেন স্থানীয় গ্রামবাসী। মঙ্গলবার সকালে ইছাখালী সীমান্ত পয়েন্টে এ ঘটনা ঘটে।

বিএসএফের হাতে আটক আব্দুল মান্নান (৭০) ইছাখালী গ্রামের মসজিদপাড়ার মৃত নূর বক্সের ছেলে।

আব্দুল মান্নানের নাতি ইব্রাহিম জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে তার দাদা বাড়ির পাশে মরিচের জমিতে কীটনাশক দিতে যান। এ সময় ১২৪/৪-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যান। এদিকে মান্নানকে ধরে নিয়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পরপরই ১২৩/৩-এস সীমান্ত পিলার সংলগ্ন এলাকা থেকে ভারতের লালবাজার গ্রামের দুই নাগরিককে আটক করেন বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামের কয়েকজন বাসিন্দা। পরে তাদের ইছাখালী বিজিবি ক্যাম্পে সোপর্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মান্নান সীমান্তের শূন্যরেখায় ভারতীয় কৃষিজমিতে কাজ করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে আটক করে নিয়ে যান। পরে স্থানীয়রা সীমান্ত এলাকায় থাকা দুই ভারতীয় নাগরিককে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আটক ব্যক্তিদের হস্তান্তরের বিষয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের উদ্যোগ নেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেন, ভারতীয় কৃষি জমিতে কাজ করার সময় একজনকে বিএসএফ ধরে নিয়ে গেছে। এরপর বাংলাদেশের পক্ষ থেকে দুই ভারতীয় নাগরিককে ধরে আনা হয়েছে। দ্রুত পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হবে।

Banner
Side banner
Side banner